সময় কলকাতা ডেস্ক: বলিউডের হার্টথ্রব কেকে-র আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা সংগীত মহল। তবে এই ঘটনায় সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর উপর ক্ষোভ উগরে দিচ্ছেন নেটাগরিকরা। এমনকি রূপঙ্করকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুললেন গায়কের স্ত্রী। বুধবার দুপুরে হুমকি পেয়েই থানায় অভিযোগ জানান রূপঙ্কর ও তাঁর স্ত্রী চৈতালী লাহিড়ী।
সূত্রের খবর, বুধবার সকাল থেকে স্টার জলসার রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র নতুন পর্বের শুটিং করছিলেন রূপঙ্কর ও তাঁর স্ত্রী। সকাল থেকেই রূপঙ্করকে একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। এরপর শুটিং থামিয়ে ফ্লোর থেকে বাউন্সার নিয়ে সোজা থানায় যান তাঁরা।
সোমবার কলকাতায় কলেজের একটি কনসার্টে চুটিয়ে গান করেন কেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর কনসার্টের একাধিক ভিডিও।আর তারপর মঙ্গলবার সকালে ফেসবুক লাইভে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী। বাঙালি শ্রোতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রূপঙ্কর দাবি করেন, মুম্বইয়ের শিল্পীদের জন্য বাঙালি দর্শকরা যতটা উৎসাহ দেখান বাংলার শিল্পীদের জন্য ততটা উদ্দীপনা থাকেনা। লাইভে রূপঙ্কর সরাসরি বলে বসেন, ‘হু ইজ কেকে ম্যান? অনুপম, ইমন, রূপম, আমি ওঁর চেয়ে অনেক ভাল গান গাই!’ এই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন কেকে। সমালোচনার শিকার হন রূপঙ্কর। আর তারপরই তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন গায়ক।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র