Home » মুষলধারে বৃষ্টি! বদলাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া

মুষলধারে বৃষ্টি! বদলাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া

সময় কলকাতা ডেস্কঃ অবশেষে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণের বিভিন্ন জেলায়। আগামী ৪৮ ঘন্টায় অনেকটাই বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া।  বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা আবহবিদদের। রবিবার, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গে একটানা বৃষ্টির পর দাবদাহের দরুণ হাঁসফাঁস অবস্থা উত্তরবঙ্গবাসীর।

পূর্বাভাস বলছে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। রবিবার, সকাল থেকেই আকাশে সাদা কালো মেঘ। নামতে পারে বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮১%। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী পাঁচদিন বিক্ষিতভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উপকূলের জেলাগুলি অর্থাৎ উত্তর- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

অপরদিকে, উত্তরবঙ্গে ফের পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার। একটানা অতিভারী বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। তবে ফের উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির প্রভাবে পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নামবে। টানা বৃষ্টিতে নামতে পারে ভূমিধ্বসও। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author