Home » দিল্লিতে মাঠে মৃত্যু বনগাঁর তরুণ ক্রিকেটারের

দিল্লিতে মাঠে মৃত্যু বনগাঁর তরুণ ক্রিকেটারের

সময় কলকাতা ডেস্ক :আবার নির্মম মৃত্যুর ঘটনা ক্রিকেট মাঠে। অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজের মৃত্যুর ঘটনা মনে করাল বনগাঁর তরুণ ক্রিকেটার হাবিব মন্ডল। ক্রিকেট ছিল প্রাণ আর ক্রিকেট মাঠে বলের আঘাতে প্রাণ গেল তাঁর।দিল্লিতে একটি প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করার বুকে বল প্রাণ হারালেন উত্তর চব্বিশ পরগনার তরুণ ব্যাটসম্যান হাবিব।

উত্তর চব্বিশ পরগনার বনগাঁর পেট্রাপোল থানার জয়ন্তীপুরের বাসিন্দা হাবিব মণ্ডল ক্রিকেট খেলতে গেছিল দিল্লিতে। পরিবার সূত্রে জানা গেছে গত ১৫ ই আগস্ট ক্রিকেট খেলার জন্য বাড়ি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় হাবিব, দিল্লিতে পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল তার। সতীর্থদের তরফ থেকে ফোন মারফত জানা গেছে ১৯ শে আগস্ট সকাল বেলা প্রথম প্রস্তুতি ম্যাচ শুরু হয়। প্রথম প্রস্ততি ম্যাচে হাবিব যে দলের হয়ে খেলছিল সেই দলের প্রথম ওভারেই প্রথম উইকেটের পতনের পর তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নামে হাবিব। তৃতীয় ওভারের পঞ্চম বলে বিপক্ষ দলের একজন পেসারের বল এসে হাবিবের বাঁদিকের বুকের পাজরে লাগে। পিচের উপরেই লুটিয়ে পড়ে হাবিব এবং জ্ঞান হারায়। সাথে সাথে সতীর্থ খেলোয়াড়রা হাবিবকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা হাবিবকে চিকিৎসার জন্য হাসপাতালে ভেতরে নিয়ে যায় এবং সতীর্থদের বসতে বলে। তারপর কিছু সময় পর চিকিৎসকরা এসে সতীর্থদের জানায় হাবিব মারা গেছে।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে গত ১৯শে আগস্ট  সন্ধ্যায় পরিবারের কাছে ফোন আসে বুকে বল লেগে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে হাবিবকে। পরে তারা জানতে পারেন হাবিব মারা গেছে।পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলে বাড়ি ফেরার কথা ছিল, আর বাড়ি ফেরা হল না হাবিবের।।

About Post Author