Home » পুজোর আগেই কি ভাসবে দক্ষিণবঙ্গ?

পুজোর আগেই কি ভাসবে দক্ষিণবঙ্গ?

সময় কলকাতা ডেস্কঃ পুজোর আর বাকি মাত্র দুই সপ্তাহ। পুজোর কেনাকাটার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল আম জনতা। তার আগেই একের পর এক নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আবারও নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর তারই জেরে আগামী চার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,১৮ তারিখ অর্থাৎ রবিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এদিকে ২০ তারিখও রয়েছে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। সেই কারণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার দিন নাগাড়ে বৃষ্টিপাত চলবে। তবে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা একধাক্কায় কমবে অনেকটাই। রবিবারও কলকাতায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত। এরপর আবহাওয়ার কিছুটা বদল হতে পারে বলেই মনে করা হচ্ছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

পুজোর আগে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে আগামী চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য মৎস্যজীবীদের ২১ তারিখ থেকে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাঁরা সমুদ্রে রয়েছেন তাঁদের ২০ তারিখের মধ্যে ফিরে আসার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

About Post Author