Home » বৃষ্টিতে ভাসবে মহা নবমীর রাত

বৃষ্টিতে ভাসবে মহা নবমীর রাত

সময় কলকাতা ডেস্ক: আজ মহা নবমী। উৎসবের আনন্দে মাতোয়ারা বাঙালি। নীল আকাশে সাদা মেঘের ভেলা। বাতাসে শিউলির গন্ধ। কিন্তু খুব একটা সুখবর দিচ্ছে না হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

পূর্বাভাস বলছে, মঙ্গলবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। সঙ্গে রয়েছে রোদের লুকোচুরি। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ। হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। নবমী ও দশমীতে কলকাতা ও আশপাশের আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হুগলি, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

 

অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। পাহাড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী ও দশমীতে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। অন্যান্য জেলাতেও রয়েছে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত তাপমাত্রা অপরিবর্তিত থাকবে উত্তরবঙ্গে, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর।

About Post Author