Home » প্রশিক্ষণ ছাড়াই এভারেস্টের বেস ক্যাম্পে মালদহের ৩ অভিযাত্রী

প্রশিক্ষণ ছাড়াই এভারেস্টের বেস ক্যাম্পে মালদহের ৩ অভিযাত্রী

সময় কলকাতা ডেস্কঃ কোনওরকম প্রশিক্ষণ ছাড়াই এভারেস্টের বেস ক্যাম্পে পা দিলেন মালদহের চাঁচলের তিন অভিযাত্রী। এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে আনন্দে আত্মহারা তারা। এভারেস্টে পা রাখা যেমন কঠিন কাজ, সেই রকম এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছতে গেলেও ১১ দিনের ট্রেক করতে হয়। এই ট্রেক করতে গেলেও শারীরিক ভাবে সক্ষম হওয়া জরুরি। আর সেইসঙ্গে চাই অদম্য মানসিক জোর এবং প্রশিক্ষণ। পর্বতারোহণের সঠিক প্রশিক্ষণ ছাড়া সেখানে পৌঁছোনো মানে এক রকম নজির তৈরি করা। সেই নজিরই সৃষ্টি করেছেন মালদহের চাঁচলের তিন অভিযাত্রী। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে তাঁরা দুর্গম এই অভিযান সফল করেছেন। তাদের এই সাফল্যে খুশি জেলাবাসীও।

এভারেস্ট বেস ক্যাম্পের উচ্চতা ৫৩৬৪ মিটার। মালদহে পর্বতারোহণের কোনও প্রশিক্ষণ কেন্দ্র বা বেসরকারি সংস্থা নেই। স্বাভাবিক ভাবেই নিজেরাই নিজেদের প্রশিক্ষিত করে বেরিয়ে পড়েছিলেন ট্র্যাকিংয়ে। তিন অভিযাত্রী তরুণ কুমার রায়, প্রিয়জিৎ সরকার ও পার্থ রজক। তারা প্রত্যেকেই চাঁচলের বাসিন্দা বলেই জানা গিয়েছে। তরুণ বাবু চাঁচলের সদরপুর স্কুলের সহ-শিক্ষক, প্রিয়জিৎ সরকার চাঁচলের সিদ্ধেশ্বর ইনস্টিটিউশনের শিক্ষক ও পার্থ রজক চাঁচল ১ নং ব্লকের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মী।

৮ অক্টোবর তাঁরা এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে আনন্দে আত্মহারা হয়ে যান। লুকলা থেকে ট্রেকিং শুরুর কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকার কারণে ঘুর পথে যেতে হয় তাদের। কাঠমান্ডু থেকে গাড়িতে রামেছাপ সেখান থেকে আবহাওয়া প্রতিকূলতার জন্য অভিযান সম্ভব হয়নি। অপেক্ষা না করে রামেছাপ থেকে গাড়িতে করে ফাপলু। সেখান থেকে গাড়িতে খারিখোলা পরের দিন অর্থাৎ ১০ই অক্টোবর খাড়িখোলা থেকে অভিযান শুরু হয়। ১৬ই অক্টোবর লবুচে গোরাপশেপ এবং সেখান থেকে এভারেস্ট বেস ক্যাম্পে ১৭ হাজার ৬০০ ফুট উচ্চতায়। এভারেস্ট বেস্ট ক্যাম্পে পৌঁছে আনন্দে আত্মহারা হয়ে যান। সেদিন ভোরের দিকে তাপমাত্রা ১২ ডিগ্রি হিমাঙ্কের নিচে ছিল। যদিও সেখান থেকে ফিরতে সময় লেগেছে মাত্র দুদিন। এর আগে এভারেস্ট বেস ক্যাম্পে মালদহ থেকে নিজেদের উদ্যোগে কেউ যায়নি বলেই দাবি তাদের।

ওই তিন অভিযাত্রীর মধ্যে প্রিয়জিৎ সরকার ও পার্থ রজক বলেন, আমরা শৃঙ্গ ছোঁয়ার নেশায় নিজেদের গুটিগুটি পায়ে এগিয়ে চলেছি। এই যাত্রা আমাদের খুব দুর্গম ছিল। তবুও আমরা যেতে পেরেছি।

About Post Author