Home » সন্তোষে জয়ের হ্যাটট্রিক বাংলার, জোড়া গোল নরহরি ও রবির

সন্তোষে জয়ের হ্যাটট্রিক বাংলার, জোড়া গোল নরহরি ও রবির

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,১০ জানুয়ারি : সন্তোষে জয়ের হ্যাটট্রিক বাংলার। বুধবার কোলাপুরে মধ্যপ্রদেশকে ৫-০ গোলে হারাল বাংলার ছেলেরা। যদিও দুরন্ত জয়ের পরেও মাঠের অবস্থা ও ঠাঁসা ক্রীড়াসূচি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য।

সন্তোষ ট্রফিতে দুরন্ত ছন্দে বাংলার ছেলেরা। ৭৬ তম সন্তোষ ট্রফিতে হরিয়ানাকে ৩-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল বাংলা। এরপর দমন ও দাদরাকে হারিয়েছিল ৫-০ গোলে। সেই জয়ের ধারা অব্যাহত রইল। বুধবার মহারাষ্ট্রের কোলাপুরে গ্ৰুপ তালিকায় পঞ্চম স্থানে থাকা মধ্যপ্রদেশের মুখোমুখি হয় বাংলা। ম্যাচের শুরু থেকেই রাশ ছিল রবি, নরহরিদের পায়ে।

ম্যাচের ১৪ মিনিটের মাথায় বাংলাকে এগিয়ে দেন রবি হাঁসদা। ম্যাচের ২২ মিনিটে বাংলার হয়ে ব্যবধান বাড়ান বাংলার অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা। প্রথমার্ধের সংযুক্তি সময়ে নিজের দ্বিতীয় গোল ও দলের হয়ে তৃতীয় গোল করেন বাংলার অধিনায়ক। এরপর মধ্যপ্রদেশের বক্সে চাপ বাড়াতে থাকেন বাংলার ছেলেরা। ম্যাচের ৫৫ মিনিটের মাথায় বাংলার হয়ে ব্যবধান বাড়ান টোটোন দাস। ম্যাচের ৬৩ মিনিটে ফের গোল করে দলের ব্যবধান ৫-০ করেন রবি হাঁসদা।

রবিও নরহরির জোড়া গোলে ভর করে সন্তোষ ট্রফিতে জয়ের হ্যাটট্রিক করে ফেলল বাংলা। কিন্তু ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। বাংলা কোচের অভিযোগ খেলার অযোগ্য মাঠে খেলতে হচ্ছে বাংলার ছেলেদের। পাশাপাশি সকাল সাড়ে আটটায় ম্যাচ শুরু হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্বজিৎ ভট্টাচার্য।

এই জয়ের পরে বাংলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

 

About Post Author