সময় কলকাতা ডেস্ক, ১৩ জানুয়ারিঃ উত্তরাখণ্ডের যোশীমঠ বিপর্যস্ত। বাড়িঘর, দোকানপাট, হোটেল, রাস্তা সব গ্রাস করে নিচ্ছে সর্বগ্রাসী ভূমিধস। ঘরছাড়া শয়ে শয়ে পরিবার। এর মধ্যেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার রিপোর্ট দিয়েছে, গত ১২ দিনে আরও ৫.৪ সেন্টিমিটার তলিয়ে গেছে জনপদ। গত বছর ২৭ ডিসেম্বর থেকে এ বছর ৮ জানুয়ারি অবধি, ৫.৪ সেমি বসে গেছে মাটি। ধসের কারণে ধীরে ধীরে মাটি আরও বসে যাবে বলেও আশঙ্কা করেছেন ইসরোর বিজ্ঞানীরা। গত ৫ এবং ৬ জানুয়ারি যোশীমঠের পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছিলেন বিশেষজ্ঞরা। তাঁরা পরামর্শ দিয়েছিলেন, শহরের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ভেঙে ফেলা দরকার অবিলম্বে। ইতিমধ্যেই ২টি হোটেল ভাঙার কাজ শুরু হয়ে গেছে। ৯০ কিলোমিটার দূরে কর্ণপ্রয়াগ, আউলিতেও একাধিক বাড়িতে ফাটল ধরেছে। জমি বসে গিয়ে ফাটল ধরেছে চিন সীমান্তবর্তী ওই শহর এবং আশেপাশের একাধিক সেনাশিবির, ভারত-তিব্বত সীমান্ত পুলিশ ছাউনি এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখামুখী সড়কে। দেহরাদূনের সরকারি সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং-এর রিপোর্টে বলা হয়েছে, বিগত তিন বছর ধরেই ভূমিধসের প্রক্রিয়া চলছিল। ২০২০ সালের জুলাই থেকে গত বছর মার্চ অবধি পাওয়া উপগ্রহচিত্রে ধরা পড়েছে, ভূমিধস শুরু হয়েছিল সেই সময় থেকেই।

ইতিমধ্যেই যোশীমঠ নিয়ে সমীক্ষায় ধরা পড়েছে চাঞ্চল্যকর তথ্য। দেহরাদূনের সরকারি সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং-এর রিপোর্ট অনুযায়ী, গঢ়ওয়াল হিমালয়ের জোশীমঠ এবং সংলগ্ন এলাকা ধীরে ধীরে ডুবতে বসেছে। বছরে আড়াই ইঞ্চি বা ৬.৫ সেন্টিমিটার করে মাটি বসে যাচ্ছে। একটু একটু করে ফাটল ধরছে বাড়ির ভিতগুলোতে। ২০২০ সালের জুলাই থেকে গত বছর মার্চ অবধি পাওয়া উপগ্রহচিত্রে ধরা পড়েছে, ভূমিধস শুরু হয়েছিল তিন বছর আগে থেকেই। ছবিতে দেখা গিয়েছে, জোশীমঠের নীচে টেকটনিক প্লেটের সংঘর্ষ হামেশাই হচ্ছে, ফলে এই অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। রিপোর্ট আরও বলছে, ওই সময় জোশীমঠ ও আশপাশের এলাকার পাহাড়েও ফাটল দেখা দিয়েছিল।

প্রসঙ্গত, উত্তরাখণ্ডে পাহাড়ের কোলে ছোট্ট এই শহরজুড়ে এখন শুধুই ফাটল। কোনও সময় বড়সড় ভাঙনের মুখে পড়তে পারে দেবভূমি। ফাটল দেখা দিয়েছে ৫৬১টি বাড়িতে। ফাটল দেখা দিয়েছে অবস্থিত যোশীমঠ-মালারি সড়কেও। ভারত-চিনের সীমান্তের খুব কাছে অবস্থিত এই রাস্তাজুড়ে নানা স্থানেই দেখা যাচ্ছে বড় বড় ফাটল। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘোষণা করে দিলেন, এই জনপদ বসবাসের উপযুক্ত নয়। এখানকার পুর এলাকাগুলিকে ‘বিপর্যস্ত’ তকমা দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন ধামির কাছে।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!