Home » বিনেশদের ধর্নায় সাময়িক ইতি

বিনেশদের ধর্নায় সাময়িক ইতি

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২১ জানুয়ারি: আপাতত বিক্ষোভে বিরতির ঘোষণা কুস্তিগীরদের। শুক্রবার রাতে কুস্তিগীরদের প্রতিনিধিদল দেখা করেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে। সেই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মূল অভিযোগকারী বিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক, রবি দাহিয়া- সহ অন্যান্যরা।

গভীর রাতে সাংবাদিক বৈঠক করে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, তিনি দীর্ঘসময় ধরে কুস্তিগিরদের সঙ্গে বৈঠক করেছেন। ঘটনার তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন কুস্তিগীরদের। এক মাসের মধ্যে তদন্ত শেষ হবে বলেও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর আশ্বাসের পরেই নিজেদের বিক্ষোভ আপাতত তুলে নেন কুস্তিগিররা।

 

অপরদিকে, শুক্রবারই নয়াদিল্লিতে প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠকে বসে ভারতীয় অলিম্পিক্স কমিটি। সেই কমিটির নেতৃত্বে ছিলেন প্রাক্তন দৌড়বিদ ও এশিয়ান কাপে চারবার স্বর্ণ পদক পাওয়া পিটি ঊষা। ঊষা ছাড়াও কমিটিতে জায়গা পেয়েছেন বক্সিংয়ে ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম, বাংলার প্রাক্তন অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায়, অলকানন্দা অশোক, যোগেশ্বর দত্ত, সহদেব যাদব প্রমুখ। এই সাত সদস্যের কমিটির উপর নির্ভর করছে মূল অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের ভবিষ্যত। এই কমিটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতি পদ থেকে বরখাস্ত করা হয়েছে ব্রিজভূষণকে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিনেশ ফোগাট ভারতের কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে যৌণ হেনস্থার অভিযোগ তোলেন। শুধু বিনেশই নন ব্রিজভুষণের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগে সরব হন আরও ২০ জন ভারতীয় কুস্তিগীর। কুস্তির আখড়া ছেড়ে দিল্লির কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করে জন্তর মন্তরে ধর্নায় বসেন কুস্তিগীরেরা।

প্রতিবাদ মঞ্চ থেকে দাসত্ব থেকে মুক্তির দাবি তোলেন বজরং পুনিয়ারা। গোটা ঘটনায় তোলপাড় হয়ে যায় দেশের রাজনীতি। আর সাধারণ মানুষের মধ্যে একটাই প্রশ্ন, দেশের ক্রীড়া সংস্থা গুলি কবে রাজনীতির বেড়াজাল থেকে মুক্ত হবে?

About Post Author