Home » প্রথম বাঙালি টেস্ট ক্রিকেটারের কিসসা

প্রথম বাঙালি টেস্ট ক্রিকেটারের কিসসা

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা,২৭ জানুয়ারি : সৌরভ গাঙ্গুলী, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি – যারাই বাংলা থেকে ভারতের হয়ে খেলেছেন তাঁদের নিয়ে বাঙালিরা গর্ববোধ করে থাকেন। কিন্তু অনেকের হয়তো জানা নেই বাঙালির ভারতীয় দলে খেলার পরম্পরা শুরু হয়েছিল প্রবীর কুমার সেনের হাত ধরে। এখনও পি সেন মেমোরিয়াল ট্রফির যে প্রতিযোগিতা হয়, তার নামের সঙ্গে জড়িয়ে আছে সেই পি সেন বা প্রবীর কুমার সেনের নাম যার সম্পর্কে আজকের প্রজন্ম অনেকেই বিশেষ কিছু জানেন না। ২৭ জানুয়ারি তাঁর মৃত্যুদিন।আজ থেকে ৫৩ বছর আগে তিনি প্রয়াত হন।


প্রবীর কুমার সেন যিনি খোকন সেন নামেও পরিচিত, তিনি বাংলার প্রথম টেস্ট ক্রিকেটার এবং জাতীয় দলে প্রথম বাঙালি টেস্ট উইকেটরক্ষক । জাতীয় দলে তাঁর অন্তর্ভুক্তির আগে অভিষেক লগ্ন থেকে ভারত মাত্র ১২ টি টেস্ট খেলেছিল ভারত এবং সেখানে ছ জন উইকেটরক্ষককে খেলতে দেখা যায়। এই ছোট্ট পরিসংখ্যান থেকে বোঝা যায় থাই উইকেট রক্ষকের অভাব ছিল ভারতে।


এই অভাব দূর করে প্রবীর সেন ১৪ টি টেস্টম্যাচ খেলেন। উইকেটের পেছনে বাজপাখির ক্ষিপ্রতা ছিল প্রবীর সেনের। চার বছরের আন্তর্জাতিক টেস্ট জীবন শুরু হয়েছিল অস্ট্রেলিয়ায় যে সফরে প্রস্তুতি ম্যাচে তিনি স্যার ডন ব্র্যাডম্যানকে স্টাম্প করেন তিনি।ঘরোয়া ক্রিকেটে একাধিক সেঞ্চুরি করেছেন, রঞ্জি ট্রফিতে ব্যাটে সফল হলেও টেস্টে ব্যাটসম্যান হিসেবে চুড়ান্ত ব্যর্থ তিনি।১৪ টি টেস্টে তাঁর সর্বোচ্চ রান ২৫। মোট সংগ্রহ ১৬৫ রান। তবে গ্লাভস হাতে উইকেটরক্ষকের ভূমিকায় তিনি ছিলেন বিশ্বস্ত। ১৪ টি ম্যাচে ৩১ টি শিকার রয়েছে তাঁর যার মধ্যে ১১ টি স্টাম্পিং। এক ইনিংসে চারটি স্টাম্পিং করার কৃতিত্ব তাঁর ছিল যা প্রায় পঞ্চাশ বছর অক্ষত ছিল। অধুনা বাংলাদেশের ব্রাক্ষণবেড়িয়ায় জন্ম তাঁর। তাঁর রক্তে ছিল লড়াই আর কামব্যাক ক্রিকেটার হিসেবেও তাঁর খ্যাতি ছিল। একাধিকবার বাদ পড়েও দলে ফিরেছিলেন। মাত্র ২১ বছরে টেস্ট ক্রিকেট খেলতে শুরু করলেও বেশি দিন স্থায়ী হয় নি তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবন। বাস্তবজীবনেও বেশি দিনের আয়ু নিয়ে আসেন নি প্রবীর সেন। ১৯৭০ সালে মাত্র ৪৩ বছর বয়সে আকস্মিকভাবে হৃদযন্ত্রের গতি স্তব্ধ হয়ে যায় তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে এমন কিছু রেখাপাত  করতে না পারলেও সে সময়ের  দক্ষ উইকেটরক্ষক ও প্রথম বাঙালি টেস্ট ক্রিকেটার হিসেবে  তাঁর কথা স্মরণীয় হয়ে আছে আজও।।

About Post Author