সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২৭ জানুয়ারি: একদিনের সিরিজে এই কিউয়িদের পর্যদুস্ত করেছিল ভারত। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ২১ রানে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত।

ঝাড়খণ্ডের জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। একদিনের সিরিজ খুইয়ে এদিন সতর্ক ছিল কিউয়ি ব্রিগেড। ম্যাচের শুরুটা ভালো করেন দুই ওপেনার অ্যালেন ও কনওয়ে। ২৩ বলে ৩৫ রান করেন অ্যালেন। কনওয়ে করেন ৩৫ বলে ৫২ রান। মিডল অর্ডারে নেমে ৩০ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন মিচেল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তোলে ১৭৬ রান। ভারতের হয়ে ২২ রান দিয়ে দুটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।
জবাবে ব্যাট করতে নেমে ধস নামে বিশ্বের সেরা টি ২০ দলের ব্যাটিং লাইনআপে। মাত্র ১৫ রানে প্রথম তিন ব্যাটার সাজঘরে ফেরেন। এরপর ম্যাচের রাশ ধরেন সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেলেন সূর্য। হার্দিক করেন ২০ বলে ২১ রান। এরপর দুরন্ত লড়াই করেন ওয়াশিংটন সুন্দর। ২৮ বলে ৫০ রানের লড়াকু ইনিংস খেলেন সুন্দর। কিন্তু ভারতের মিডল অর্ডারে যোগ্য সঙ্গীর অভাবে শেষ রক্ষা হয়নি। নিউজিল্যান্ডের স্পিন বোলিংয়ের সামনে ভেঙ্গে পড়ে ভারতের মিডল অর্ডার। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৫১ রানে শেষ হয় ভারতের ইনিংস। ২১ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। ম্যাচের সেরা নির্বাচিত হন ড্যারেল মিচেল।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার