সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৩ মার্চ: প্রত্যাশামতোই তিনদিনে ফয়সালা হয়ে গেল ইন্দোর টেস্টের। ভারতকে ৯ উইকেটে হারিয়ে বর্ডার-গাভাস্কার সিরিজে প্রত্যাবর্তন করল অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ছাড়পত্র পেয়ে গেলেন স্থিভ স্মিথদের অস্ট্রেলিয়া। শুক্রবার ইন্দোরে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ায় সামনে মাত্র ৭৬ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। স্পিন সহায়ক পিচে কাজটি কঠিন হলেও একেবারেই অসম্ভব ছিল না। অস্ট্রেলিয়ার মত বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপকে ১০০ রানের মধ্যে বেঁধে রাখা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। আর এই চ্যালেঞ্জে ডাহা ফেল করল ভারতীয় বোলাররা। মাত্র ১৩ ঘণ্টাতেই ভারতকে মাটি ধরিয়ে ইন্দোর টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া।

এদিন শুরুটা খারাপ করেনি ভারত। চতুর্থ ইনিংসের দ্বিতীয় বলেই অজি ওপেনার উসমান খোয়াজাকে ফেরান রবিচন্দ্র অশ্বিন। তখনও রানের খাতা খুলতে পারেনি অস্ট্রেলিয়া। যদিও প্রথম উইকেট হারিয়ে দমে যায়নি অস্ট্রেলিয়া। বরং ভারতীয় বোলারদের উপর চাপ তৈরি করতে আক্রমণাত্মক খেলতে শুরু করেন অপর ওপেনার ট্রাভিস হেড। তাঁকে যোগ্য সঙ্গত দেন মার্নাস লাবুশানে। এই জুটিকে বেকায়দায় ফেলতে পারেনি অশ্বিন, জাদেজারা। চতুর্থ ইনিংসের ১৯তম ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ৫৩ বলে ৪৯ রানে অপরাজিত থাকেনএবং ৫৮ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন লাবুশানে।

ক্রিকেট বিশেষজ্ঞরা কার্যত অবাক হচ্ছেন চলতি বছরের বর্ডার-গাভাস্কার ট্রফিতে কোনও টেস্টই পাঁচদিন না গড়ানোয়। প্রথম দুটি টেস্ট শেষ হয়েছিল আড়াই দিনে। আর ইন্দোরের তৃতীয় টেষ্ট তো শেষ হয়ে গেল মাত্র ১৩ ঘণ্টায়। হিসেব বলে টেস্টে পাঁচদিনে মোট খেলা হয় ৩০ ঘণ্টা। ইন্দোরের ঘূর্ণি পিচে ভারতীয় বোলাররা যত না সুবিধা নিতে পারলেন, তার কয়েকগুণ ফায়দা তুললেন অজি স্পিনাররা। তৃতীয় ইনিংসে অজি স্পিনার নাথান লিঁও তুলে নিলেন ৮ উইকেট। প্রথম ইনিংসে ম্যাথু কুহনেম্মান (৫ উইকেট) এবং লিঁও (৩ উইকেট) মিলে তুলেছিলেন ৮ উইকেট। সেখানে ভারতীয় স্পিনারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা (৪ উইকেট) অশ্বিন (৩ উইকেট) কিছুটা চেষ্টা করেছিলেন। চতুর্থ ইনিংসে তো দাঁতই ফোটাতে পারলেন না ভারতীয় স্পিনাররা।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত