Home » বড় রায় হাইকোর্টের! উপাচার্য নিয়োগ ও পুনর্নিয়োগের এক্তিয়ার নেই রাজ্য সরকারের

বড় রায় হাইকোর্টের! উপাচার্য নিয়োগ ও পুনর্নিয়োগের এক্তিয়ার নেই রাজ্য সরকারের

সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চ: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice Chancellor) নিয়োগের একটি মামলায় বড় রায় দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার রায়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, উপাচার্য নিয়োগের কোনও ক্ষমতা বা এক্তিয়ার নেই রাজ্য সরকারের। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করতে পারেন একমাত্র আচার্য। পাশাপাশি, রাজ্যের নিয়োগ করা সকল উপাচার্যকে পদ থেকে খারিজ করার নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, এই মামলার শুনানিতে আগেই কলকাতা হাইকোর্ট উপাচার্য নিয়োগ বাতিল করেছিল। পরে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। শীর্ষ আদালতও কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখে। এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে রাজ্যের ২৯টি বিশ্ববিদ্যালের উপাচার্যদের পুনর্নিয়োগও বাতিল হওয়ার পথে।

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজকর্ম সামলাতে কার্যকালের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও রাজ্য সরকার উপাচার্যদের পুনর্নিয়োগ করেছিল। এই পদক্ষেপ আদৌ নেওয়া যায় কি না, তা নিয়ে জনস্বার্থ মামলায় হয় কলকাতা হাইকোর্টে। মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সোনালি চক্রবর্তীকে পুনর্নিয়োগ করা নিয়েই মামলা হয়। সুপ্রিম কোর্ট তাঁর নিয়োগ বাতিল করে। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পুনর্নিয়োগও বাতিল করে দিল। মঙ্গলবার উচ্চ আদালত মামলার রায়ে জানিয়েছে, আচার্যের অনুমতি ছাড়া উপাচার্যদের পুনরায় নিয়োগ করা যায় না। ফলে যাঁদের মেয়াদ ফুরনোর পর সরকার নতুন করে মেয়াদ বাড়িয়েছিল, তা অবৈধ।

প্রশাসনিক আধিকারিকদের একাংশ মনে করছেন কলকাতা হাইকোর্টের এই রায় সুদূরপ্রসারী। তাঁদের ব্যাখ্যা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০১৮ সালের গাইডলাইন অনুযায়ী যাদের নিয়োগ হয়নি, সেই সমস্ত উপাচার্যদের নিয়োগই অবৈধ হয়ে গেল। অর্থাৎ ওই উপাচার্যদের চাকরি বাতিল হল। পাশাপাশি প্রশ্ন উঠছে, সম্প্রতি রাজ্যপাল তথা আচার্য যে রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পুনর্নিয়োগ করেছিলেন তা নিয়েও। কলকাতা হাইকোর্ট এদিন রায় দিয়েছে উপাচার্যদের নিয়োগ করতে পারবেন কেবলমাত্র আচার্য। আর সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল সিভি আনন্দ বোস একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ৩ মাসের জন্য পুনর্নিয়োগ করেছিলেন। একাংশের ব্যাখ্যা, সেটি ছিল ‘অন্তবর্তিকালীন’ নিয়োগ। ফলে আদালতের নির্দেশ অনুযায়ী সেই পুনর্নিয়োগ বৈধ না অবৈধ তা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে।

About Post Author