Home » সত্যজিতের চোখে উত্তম কুমার

সত্যজিতের চোখে উত্তম কুমার

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা , ৩ সেপ্টেম্বর : বাঙালির স্বপ্নের সওদাগর উত্তম কুমার। বেঁচে থাকলে আজকের দিনটিতে তার বয়স ১০০ বছর পূর্ণ হত । তাঁকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তিনি যেন সব সমালোচনার উর্ধ্বে। উত্তম কুমার এতটাই নিখুঁত ছিলেন যে তিনি বিশ্ববরেণ্য  চলচ্চিত্র পরিচালক  সত্যজিৎ রায়কেও বিমুগ্ধ করেছিলেন। সত্যজিৎ রায়ের ‘নায়ক’ চলচ্চিত্র করার বহু পরে  ‘নায়ক’ চলচ্চিত্র  ও তার নায়ককে নিয়ে বলেছিলেন,” আমরা একেবারে নিখুঁত ছবি করতে পারি না… নিখুত কিছু করা প্রায় অসম্ভব ব্যাপার; কিন্তু উত্তমের কাজে কোন ভুল নেই। প্রায় দু’ঘণ্টার ছবি তার মধ্যে নানা অবস্থায় তাকে দেখানো হয়েছে এবং সেখানে একটি ত্রুটিও আমি খুঁজে পাইনি।” উত্তম কুমারের মৃত্যুর পর টেকনিশিয়ান স্টুডিওতে অনুষ্ঠিত সরণ সভায় সত্যজিৎ রায় এই স্মৃতিচারণা করতে গিয়ে তুলে ধরেছিলেন কেন উত্তম অনন্য। সত্যজিৎ রায়ের চোখে উত্তম কুমারের একাধিক এমন বৈশিষ্ট্য ছিল যা তাঁকে স্বতন্ত্র করে তুলেছিল। এই লেখার মধ্যে সেই স্মৃতিচারণার বিশেষ অংশ তুলে ধরা হলো যেখানে অন্তত দুটি বৈশিষ্ট্য উল্লেখ রয়েছে।

সত্যজিৎ রায়ের মতে, “সংলাপ যতই ভালো হোক যতক্ষণ তা খাতার পাতায় রয়েছে ততক্ষণ তা নিষ্প্রাণ জিনিস সংলাপকে জীবন্ত করে তোলে অভিনেতা। তার সংলাপটা বলার ভীষণ নিজস্ব একটা ভঙ্গি ছিল এবং অতি চমৎকার সে ভঙ্গি বড় বাক্যকে সে এমন সুন্দর ভাবে ভাঙতে পারতো বা বিরোধী দিতে পারতো তা খুব কম লোকই দিতে পারে। এই বিরতি একটি অতি সাংঘাতিক জিনিস আমি একটা কথাকে ভাগ করব ভাগ করে আমি দর্শককে অপেক্ষা করিয়ে রাখব বাকি কথাটির জন্য এখানে একটা মাত্রা জ্ঞান দরকার হয় যে ঠিক কতখানি ধৈর্য ধরে রাখতে পারবে দর্শক বাকি সংলাপ টার জন্য।”

সত্যজিৎ রায় আরও দেখতে পেয়েছিলেন উত্তম কুমারের এমন বিশেষ ক্ষমতা যা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখতে। “উত্তমের একটি অসাধারণ ক্ষমতা ছিল যখন সে কিছু করত না তখনও সে স্কিনের অনেকটা জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকতো এবং লোকে অপেক্ষা করত যে দেখি লোকটা কি করে কি বলে ইত্যাদি এবং এই যে একটা টেনে রাখার ক্ষমতা যখন সে আপাতদৃষ্টিতে কিছু করছে না তখন ও লোকের মনটাকে ধরে রাখার ক্ষমতা এরকম খুব বেশি নেই আমাদের দেশে তার মধ্যে একটা স্থৈর্য ছিল একটা শান্ত ভাব ছিল সেটা সে কিভাবে আয়ত্ব করেছিল আমি জানিনা। ”

উত্তম কুমারের স্মরণ সভায় সত্যজিৎ রায় স্মৃতিচারণা করতে গিয়ে অকপটে বলেছিলেন, “…. সভায় অনেক নায়ক উপস্থিত আছেন তাঁদের অনেকেই ভালো অভিনয় করেন,অনেকের সঙ্গে আমি কাজ করেছি কাজ করে আনন্দ পেয়েছি কিন্তু উত্তমের মতো কেউ নেই উত্তমের মতো কেউ হবেও না।।”

 

About Post Author