Home » বৃহস্পতিবার নীলষষ্ঠী, জেনে নিন এই দিনটির মাহাত্ম্য

বৃহস্পতিবার নীলষষ্ঠী, জেনে নিন এই দিনটির মাহাত্ম্য

সময় কলকাতা ডেস্ক, ১২ এপ্রিল: নীলপূজা বা নীলষষ্ঠী হল সনাতন বঙ্গীয় দের এক লোকোৎসব। যা মূলত নীল-নীলাবতী-র(শিব-দুর্গা)বিবাহ উৎসব। বাঙ্গালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নীরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করে। সাধারণত চৈত্রসংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীলপূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
নীল ষষ্ঠীর দিনক্ষণ


আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বাংলার মায়েরা পুত্র-কন্যা সবার জন্যই এই ষষ্ঠীর উপবাস করে থাকেন। নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি আর তারপরের দিন পহেলা বৈশাখ অর্থাৎ নববর্ষের শুরু। এই বছর নীল ষষ্ঠী পালিত হবে আগামী ১৩ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার।


নীল ষষ্ঠীর ইতিহাস
বহুকাল আগে অত্যন্ত ধর্মপ্রাণ এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন। মন দিয়ে ঈশ্বরের আরাধনা করতেন। কিন্তু আরাধনা করলেও তাঁদের সব ছেলে-মেয়েগুলি একে একে মারা যায়। নিজেদের সন্তানদের হারিয়ে ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন ব্রাহ্মণী। এরপর ঘর-বাড়ি ছেড়ে তাঁরা দু-জনে কাশীবাসী হন। এরপর একদিন কাশীতে গঙ্গায় স্নান সেরে মণিকর্ণিকা ঘাটে বসে ছিলেন ওই ব্রাহ্মণী। সেই সময় আচমকাই এক বৃদ্ধা ব্রাহ্মণীকে এসে জিজ্ঞেস করেন, ‘কী ভাবছ মা?’ আর সেই সময় বৃদ্ধার কাছে নিজের দুঃখ প্রকাশ করেন তিনি। মন দিয়ে ঈশ্বরের আরাধনা করার পরেও সন্তানদের অকালে হারিয়েছেন তিনি।

ওই ব্রাহ্মণীর সব কথা শুনে বৃদ্ধা বলেন, ‘বারব্রত কখনও নিস্ফল হয় না। ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মের পথে অটল থাকলে তার ফল পাবেই’। আসলে ওই বৃদ্ধা স্বয়ং মা ষষ্ঠী। তারপরেই মা ষষ্ঠী ওই ব্রাহ্মণীকে নীল ষষ্ঠীর পুজো করার কথা বলেন। বিশেষজ্ঞদের মতে বহুকাল আগে থেকে এইদিনটি মহাদেব ও নীলচণ্ডিকার বিবাহের দিন হিসাবে হিন্দুরা পালন করে আসছে। এই নীল ষষ্ঠীতে সন্তান কামনা করে নারীরা উপবাস করে থাকে। কিন্তু এই প্রথা অনেক পরে শুরু হয় বলে জানা যায়।

আরও পড়ুন   বানিয়ে ফেলুন মৌরলা মাছের চপ

চৈত্র মাসের সংক্রান্তিতে সারাদিন উপোস করার পর সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢেলে শিবকে প্রণাম করে গর্ভবতী মহিলারা বা মায়েরা। অনেকে নির্জলা থেকেও ব্রত পালন করেন। এরপর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে শিবের মাথায় জল ঢালার পরেই ব্রত ভঙ্গ হয়। কথায় বলে, নীলের ব্রত নিষ্ঠামত পালন করলে কোনওদিন সন্তানের অমঙ্গল হয় না। সন্তান দীর্ঘজীবন লাভ করে।

About Post Author