স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ এপ্রিল: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে দুরন্ত জয় রিয়াল মাদ্রিদের। বুধবার ভারতীয় সময় মধ্যরাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লন্ডনের ক্লাব চেলসির মুখোমুখি হয় লস ব্ল্যাঙ্কোরা। চেলসিকে হারাল ২-০ গোলে। রিয়াল মাদ্রিদের হয়ে এদিন দুটি গোল করেন করিম বেঞ্জামা ও মার্কো আসেনসিও।

সময়টা ভালো যাচ্ছেনা প্রিমিয়ার লিগের ক্লাবটির। লিগে একের পর এক ম্যাচে মুখ থুবড়ে পড়তে হচ্ছে নীল বাহিনীকে। দলবদলের বাজারে সব থেকে বেশি অর্থ ব্যয় করার পর দলের পারফরম্যান্স নিয়ে পড়তে হচ্ছে সমালোচনার মুখে। সম্প্রতি ম্যানেজারের দায়িত্ব থেকে ছাঁটাই করা হয়েছে গ্রাহাম পটারকে। পুনরায় চেলসির হটসিটে বসানো হয়েছে চেলসির প্রাক্তন তারকা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। তাই ম্যাচের আগে খাতায় কলমে বেশ কিছুটা পিছিয়েই ছিল চেলসি। আর সেই সুযোগকেই এদিন কাজে লাগালো আট বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।
আরও পড়ুন আইপিএলে আজ মুখোমুখি চেন্নাই ও রাজস্থান

প্রথমার্ধের ২১ মিনিটে প্রথম গোলটি করেন করিম বেঞ্জেমা। যদিও গোলটির ক্ষেত্রে মূল ভূমিকা ছিল ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৯টি নক আউট পর্বের ম্যাচে এনিয়ে ১৪টি গোল করলেন এই ফরাসি ফরওয়ার্ড। ম্যাচের ৫৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির লেফট ব্যাক বেন চিলওয়েল। ৩০ মিনিট চেলসির ১০ জন পেয়ে পরপর আক্রমনের সুযোগ তৈরি করে কার্লো অন্সেলোত্তির ছেলেরা। ৭১ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান বাড়ান পরিবর্ত হিসেবে নামা মিডফিল্ডার মার্কো আসেনসিও। এক্ষেত্রেও গোলের বলটি সাজিয়ে দিয়েছিলেন ভিনিসিয়াস। প্রথম ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ল রিয়াল। দ্বিতীয় লেগের ফিরতি ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে ১৯ এপ্রিল।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক