Home » ভেস্তে গেল ধোনির লড়াই, শেষ মুহূর্তের স্নায়ুযুদ্ধে রাজস্থানের কাছে হার চেন্নাইয়ের

ভেস্তে গেল ধোনির লড়াই, শেষ মুহূর্তের স্নায়ুযুদ্ধে রাজস্থানের কাছে হার চেন্নাইয়ের

সময় কলকাতা ডেস্ক, ১৩ এপ্রিল: ভেস্তে গেল মহেন্দ্র সিং ধোনির লড়াই। স্নায়ুযুদ্ধে রাজস্থানের কাছে হার চেন্নাইয়ের। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান তোলে রাজস্থান। জবাবে ২০ ওভারে ১৭২ রান তোলে চেন্নাই। ঘরের মাঠে দুরন্ত খেলে ম্যাচের সেরা রবিচন্দ্র অশ্বিন। যত দিন গড়াচ্ছে, একের পর এক রোমহর্ষক ম্যাচ ক্রিকেটপ্রেমীদের উপহার দিচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। চেন্নাইয়ের চিপক ফের একবার সাক্ষী থাকল সেরকমই একটি ম্যাচের। বৃহস্পতিবার, এই স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়ালস। ম্যাচকে কেন্দ্র করে চেন্নাই সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মত। আর সবার নজর ছিল চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উপর।

এই ম্যাচে টসে জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠান ধোনি। দ্বিতীয় ওভারেই রাজস্থানের ব্যাটিং লাইন আপে ধাক্কা দেন তুষার দেশপাণ্ডে। আইপিএলে দুরন্ত ফর্মে থাকা যসস্বী জয়সওয়ালকে ফেরান। যদিও এই ধাক্কা সামলিয়ে নেন অপর ওপেনার জস বাটলার ও দেবদত্ত পারিক্কল। দ্বিতীয় উইকেটে ৭৭ রান করে এই জুটি। এরপর যখন মনে হচ্ছিল বড় রানের পথে এগোচ্ছে রাজস্থান। তখন রাজস্থানের ইনিংসে ধাক্কা দেন রবীন্দ্র জাদেজা। নবম ওভারে ৩ বলের ব্যবধানে ফেরান দেবদত্ত ও সঞ্জু স্যামসনকে। ২৬ বলে ৩৮ রান করে ফেরেন দেবদত্ত। সঞ্জু স্যামসন রানের খাতা না খুলেই ফেরেন। এরপর বাটলারের সঙ্গে জুটি বেঁধে রান এগিয়ে নিয়ে যান রবিচন্দ্র অশ্বিন। ২২ বলে ৩০ রান করে ফেরেন অশ্বিন। এদিনও দুরন্ত ফর্মে ছিলেন জস বাটলার। করলেন ৩৬ বলে ৫২ রান। এরপর কিছুটা লড়াই দিয়েছিলেন হেটমেয়ার। ১৮ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন ক্যারিবিয়ান ব্যাটার। ২০ ওভারে ১৭৫ রানে শেষ হয় রাজস্থানের ইনিংস। চেন্নাইয়ের হয়ে আকাশ সিং, রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপাণ্ডে দুটি করে উইকেট নেন।

আরও পড়ুন   কাতার বিশ্বকাপে খেলেছিলেন এমবাপের বিপক্ষে, এবার সেই বিশ্বকাপারই সবুজ মেরুনের পথে!

জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে রুতুরাজ গায়কোয়াডের উইকেট হারিয়ে চাপে পরে যায় চেন্নাই। এরপর দলের হাল ধরেন ডেভন কনওয়ে ও অজিঙ্ক রাহানে। ৬৮ রানের জুটি গড়েন দুই ব্যাটার। এরপর ভয়ংকর হয়ে ওঠা রাহানেকে ফেরান সিএসকের প্রাক্তন বোলার অশ্বিন। এরপর চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপে ধস নামে। শিবম দুবে, মঈন আলি ও আম্বাতি রায়ুডুর উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে জয় চেন্নাই। এরপর দলের রাশ ধরেন ক্যাপ্টেন কুল ও রবীন্দ্র জাদেজা। তবে শুরুতে মন্থর গতির জন্য মাশুল গুনতে হল চেন্নাইকে। শেষ তিন ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৩ রান। যদিও চিপকেতে তখনও বজায় ছিল হলুদ ঝড়। কারণ তখনও ২২ গজে দাপুটে ব্যাটিং করছেন সিএসকের সব থেকে সফল অধিনায়ক।

অ্যাডাম জাম্পার ১৮ তম ওভারে এই জুটি করে ১৪ রান। জ্যাসন হোল্ডারের ১৯ তম ওভারে ওঠে ১৯ রান। এই ওভারেই ৫০ রান পূর্ণ করে ধোনি জাদেজা জুটি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। কিন্তু তখনও হাল ছাড়েনি চিপকে। বিশতম ওভারে সন্দীপ শর্মা কিছুটা চাপেই ছিল। তবে শেষ মুহূর্তের স্নায়ুযুদ্ধে শেষ হাসি হাসলেন এই ভারতীয় বোলার। শেষ ওভারে আগ্রাসী ব্যাটিং করেও মোট ১৭ রান তুলতে সক্ষম হন ধোনিরা। ফলে তিন রানে ম্যাচ জিতে নেয় রাজস্থান। ২০০৮ সালের পর এই প্রথম চিপকের মাঠে চেন্নাই সুপার কিংসকে হারানোর স্বাদ পেল রাজস্থান। এই জয়ের ফলে ৪ ম্যাচের তিনটিতে জিতে ফের লিগ তালিকার শীর্ষে উঠে এল রাজস্থান। ঘরের মাঠে স্নায়ুযুদ্ধে  ব্যাটে বলে দক্ষতা দেখিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হলেন চেন্নাই দলের প্রাক্তন কাণ্ডারি রবিচন্দ্র অশ্বিন।

About Post Author