Home » সুপারকাপে ধাক্কা! জামশেদপুরের বিপক্ষে হেরে বিদায় এটিকে মোহনবাগানের

সুপারকাপে ধাক্কা! জামশেদপুরের বিপক্ষে হেরে বিদায় এটিকে মোহনবাগানের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ এপ্রিল: বারপুজোর আগের দিন কেরালায় ধাক্কা খেল এটিকে মোহনবাগান। জামশেদপুরের বিপক্ষে এক, দুই নয় গুনে গুনে তিনটি গোল হজম করতে হল আইএসএল চ্যাম্পিয়নদের। এই হারের ফলে কার্যত এক ম্যাচ বাকি থাকতেই সুপার কাপের অভিযান শেষ করল সবুজ মেরুন ব্রিগেড।

বারপুজো নিয়ে যখন ক্লাব তাঁবুতে সাজোসাজো রব। কিন্তু তার আগের দিনই কেরালায় ধাক্কা খেল এটিকে মোহনবাগান। শুক্রবার কোঝিকোরের ইএমএস স্টেডিয়ামে জামশেদপুর এসির বিরুদ্ধে মাঠে নামে গতবছরের আইএসএল চ্যাম্পিয়নরা। এবার আইএসেলেও ইস্পাত নগরীর এই দল বারবার কলকাতার দুই প্রধানকে ধাক্কা দিয়েছে। বিশেষত কলকাতার দুই প্রধানের বিরুদ্ধে প্রতিটি ম্যাচে জ্বলে উঠেছেন জামশেদপুর এফসির বঙ্গ ব্রিগেড।

এদিনও ব্যতিক্রম হয়নি। ম্যাচ শুরুর প্রথম দশ মিনিটের মধ্যে গোলের সুযোগ পেয়ে যায় জামশেদপুর। সৌজন্যে ঋত্বিক দাস। তবে মোহন তিন কাঠির তলায় বিশাল সজাগ থাকায় বিপদে পড়তে হয়নি গঙ্গাপাড়ের ক্লাবকে। তবে এদিন আইএসএল জয়ীদের বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলেন অ্যাডি বুথরয়েডের ছেলেরা। এদিন জামশেদপুরের সংঘবদ্ধ ফুটবলের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি জুয়ান ফেরান্দোর ছেলেরা। ম্যাচের ২২ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি পেয়ে যায় জামশেদপুর।

আরও পড়ুন    ব্যর্থ রিঙ্কু সিংয়ের লড়াই, ইডেনে হায়দরাবাদের কাছে হার নাইটদের

রাফায়েলের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন বরিস। যদিও এই গোলের ক্ষেত্রেও অবদান ছিল বঙ্গসন্তান ঋত্বিকের। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার মিনিট খানেক আগে ব্যবধান বাড়ায় জামশেদপুর। ঋত্বিকের পাস থেকে ফের ফের গোল করেন বরিস। প্রথমার্ধে আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি করে জামশেদপুর। ২৮ মিনিটে জামশেদপুরের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রতীক চৌধুরীর দুরন্ত হেড বাঁচান মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ।কিন্তু এদিনও মোহন গোলপোস্টের নিচে দুরন্ত খেলেন বিশাল।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল সবুজ মেরুন ব্রিগেড। গোলের সুযোগও তৈরি করেছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে হুগো বুমো, পেত্রাতোসরা কিছুটা বলের দখল নিয়ে খেললেও তা যথেষ্ট ছিলনা। ফের একবার এটিকে মোহনবাগান দলে একজন পজিটিভ স্ট্রাইকারের অনুপস্থিতি টের পাওয়া গেল। এদিন জামশেদপুরের রক্ষণও দুরন্ত ফুটবল খেলে। খেলা শেষের কিছু সময় আগে আরও একটি গোল করে কার্যত এটিকে মোহনবাগানের সুপার কাপের অভিযানে ইতি টানেন হ্যারি সয়ার। এক্ষেত্রে ঈশান পন্ডিতা গোলের সুযোগটি তৈরি করেছিলেন। তবে মোহন গোল রক্ষকের তত্পরতার প্রথমে বলটি জালে জড়ানো থেকে রক্ষা পায়। কিন্তু এরপর ফিরতি বলে শটে বল জালে জড়ান সয়ার।

About Post Author