Home » মিউনিখে মুলারদের রুখে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে রিয়েলের মুখোমুখি ম্যাঞ্চেস্টার সিটি

মিউনিখে মুলারদের রুখে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে রিয়েলের মুখোমুখি ম্যাঞ্চেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ এপ্রিল: মিউনিখে বায়ার্নকে রুখে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ম্যানচেস্টার সিটি। এদিন খেলার ১-১। পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দিয়েছিলেন আর্লিং হল্যান্ড। পেনাল্টি থেকে গোল শোধ করেন বায়ার্নের জসুয়া কিমিখ। দুই পর্ব মিলিয়ে ৪-১ গোলে বায়ার্নকে হারাল ম্যানচেস্টারের নীল বাহিনী। সেমিফাইনালে রিয়েল মাদ্রিদের মুখোমুখি হবে গুয়ার্দিওলার ছেলেরা। চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে বেনফিকার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সেমিতে পৌঁছে গেল ইন্টার মিলান। সেমিতে ইন্টার মুখোমুখি হবে এসি মিলানের।


জমজমাট ইউরোপের সেরা ক্লাবের খেতাবি লড়াই। বুধবার ভারতীয় সময় মধ্যরাতে মিউখিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বের ম্যাচে বায়ার্নের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টারে প্রথম পর্বের ম্যাচে ৩-০ গোলে জিতে, এদিন কিছুটা বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামে গুয়ার্দিওলা ব্রিগেড। যদিও ঘরের মাঠে ছয়বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের সাম্প্রতিক অতীতের রেকর্ড কিছুটা চাপেই রেখেছিল সিটি কোচকে।

ম্যাচের শুরু থেকে চেনা মেজাজেই বল পায়ে ঝড় তোলেন বায়ার্ন ফুটবলাররা। মুলার, সানে, গ্যাব্রিদের একের পর এক আক্রমণ আছড়ে পড়ল সিটি বক্সে। যদিও এদিন সতর্ক ছিল সিটির রক্ষণ। ১৭ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে সুবর্ণ সুযোগও পায় বায়ার্ন। সতীর্থের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে ‘ওয়ান-অন-ওয়ানে’ সানের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ১৯ মিনিটে ধাক্কা খায় বায়ার্ন। হাল্যান্ডকে ফাউল করায় সরাসরি লালকার্ড দেখেন দায়ত উপামেকানো। কিন্তু নরওয়ের ফরওয়ার্ড অফসাইডে থাকায় ভার লালকার্ডের সিদ্ধান্তকে বাতিল করে। এদিন বারবার ডাগ আউট থেকে রেফারির সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখেন বায়ার্ন কোচ টমাস তুখেল। ম্যাচের ২১ মিনিটে সানের দুরন্ত ফ্রি কিক বাঁচান সিটির গোলরক্ষক। প্রথমার্ধের ৩৭ মিনিটে সিটির মিডফিল্ডার ইকে গুণ্ডগানের শট হাতে লাগে বায়ার্নের দায়ত উপামেকানোর। পেনাল্টি পায় বায়ার্ন। কিন্তু পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিতে ব্যর্থ হন হাল্যান্ড। এছাড়াও প্রথমার্ধে দুই দল বেশ কিছু সুযোগ তৈরি করলেও স্কোরবোর্ডে পরিবর্তন হয়নি।

দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরে পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ম্যাচের ৫৭ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস থেকে দুরন্ত শটে গোল করে সিটিকে এগিয়ে দেন হাল্যান্ড। এটা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১২ টি গোল হল নরওয়ের ফরোয়ার্ডের। এই মরশুমে যা সর্বোচ্চ। দ্বিতীয়ার্ধেও অনেকবার সুযোগ তৈরি করেছিলেন জার্মান ফরওয়ার্ডরা, তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ম্যাচের ৮৩ মিনিটে কিমিখের সান্ত্বনা গোলে কিছুটা ব্যবধান কমায় বায়ার্ন। দুই পর্ব মিলিয়ে মোট ৪-১ গোলের ব্যবধানে বায়ার্নকে পরাস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পৌঁছে গেল ম্যানচেস্টার সিটি। আগামী ১০ মে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে রিয়েল মাদ্রিদের।

আরও পড়ুন   ফার্স্ট বনাম সেকেন্ডের লড়াই, রাজস্থানকে হারিয়ে শেষ হাসি লখনউ সুপার জায়ান্টদের

অপরদিকে, সান সিরোয় নাটকীয় ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ইন্টার। দুই পর্ব মিলিয়ে ইন্টার ৫-৩ গোলে হারাল বেনফিকাকে। ম্যাচের ১৪ মিনিটে বারেলার গোলে এগিয়ে যায় ইন্টার। ৩৮ মিনিটে গোলটি শোধ করে দেন বেনফিকার অর্সনেস। এরপর দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় ইন্টার। গোল করেন মার্টিনেজ ও করেয়া। যদিও মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুটি গোল শোধ করে বেনফিকা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী এসি মিলানের মুখোমুখি হবে সিমোন ইনজাঘির ছেলেরা।

About Post Author