স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ এপ্রিল: মরশুম শুরু হতে এখনও অনেকটা সময় বাকি। কিন্তু এখন দলগুলির মধ্যে আগামী মরশুমের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই দল গোছানোর কাজে নেমে পড়েছে দুই প্রধানের কর্তারা। ইতিমধ্যে তরুণ সেন্টার হাফ আনওয়ার আলিকে পরের মরশুমের জন্য দলে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। দিল্লি থেকে কলকাতার ক্লাবে লোনে সই করেছেন ২২ বছরের এই যুব বিশ্বকাপার। তবে এখানেই থেমে নেই গত বারের আইএসএল চ্যাম্পিয়নরা। হায়দরাবাদ এফসির তরুণ লেফট ব্যাক আকাশ মিশ্রাকে দলে পেতে মরিয়া সবুজ মেরুণ ব্রিগেড। ক্লাব সূত্রে জানা গিয়েছে, আকাশকে দলে পাওয়ার জন্য প্রায় ১৪ কোটি টাকার প্রস্তাবও দিয়েছেন ক্লাব কর্তারা।

এছাড়াও কাতার বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ার স্ট্রাইকার জ্যাসন কামিন্সকেও দলে পাওয়ার ব্যাপারেও আশাবাদী সবুজ মেরুন শিবির। তবে এই স্ট্রাইকারকে পেতে হলে ৯ কোটি টাকা ব্যয় করতে হবে মোহনবাগানকে। কামিন্সের বর্তমান ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে ট্রান্সফার ফি বাবদ দিতে হবে প্রায় তিন কোটি টাকা। এখন একজন ফুটবলারকে সই করাতে আদৌ এত টাকা ট্রান্সফার ফি ক্লাব কর্তারা দেবেন কিনা সেটাই দেখার। নতুন ফুটবলার সই করানোয় পিছিয়ে নেই লাল হলুদ শিবিরও। স্টিফেন কনস্ট্যানটাইনকে সরিয়ে কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্যাঙ্গালোরের প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রতকে। শুধু কোচ বাছাই করেই বসে নেই ক্লাব কর্তারা। ওড়িশা এফ সির তারকা উইঙ্গার নন্দকুমার সেকর ও চেন্নাইয়ান এফসির তারকা রাইট ব্যাক এডউইন ভানস্পলকেও সই করিয়ে চমক দিয়েছেন ক্লাব কর্তারা।
আরও পড়ুন ডি ব্রুইন, হাল্যান্ড ঝড়ে উড়ে গেল আর্সেনাল, টানা তৃতীয় ম্যাচে জয় লিভারপুলের, হার চেলসির

এবার জামশেদপুর এফসির তারকা মিডফিল্ডার ইশান পন্ডিতাকে নিয়ে শুরু হল দুই দলের মধ্যে দড়ি টানটানি। আগামী ২৩ শে মে পর্যন্ত জামশেদপুরের সঙ্গে চুক্তি রয়েছে ঈশানের। আর এই সুযোগকেই কাজে লাগাতে চাইছেন মোহনবাগান ক্লাব কর্তারা। প্রাথমিকভাবে কথাবার্তাও অনেকদূর এগিয়েছে বলে দাবি করছে ক্লাবের একটি সূত্র। যদিও ঈশান পন্ডিতাকে দলে পেতে চাইছেন মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলও। ফুটবলার সই করানো নিয়ে এই দুই ক্লাবের মধ্যে লড়াইয়ের ইতিহাস দীর্ঘদিনের। তবে বিগত এক দশক সেই পরিচিত লড়াইটাকে মিস করেছে কলকাতা ময়দান। এবার ঈশানকে নিয়ে সেই লড়াই আবার ময়দানে ফেরে কিনা সেদিকে তাকিয়ে কলকাতার ফুটবল মহল।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত