Home » আইএসএল জয়ী ডিফেন্ডার এবার লাল-হলুদের পথে?

আইএসএল জয়ী ডিফেন্ডার এবার লাল-হলুদের পথে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ মে: গত মরশুমে ডিফেন্ডারের সমস্যায় ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। গোল করে এগিয়ে গিয়েও ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারেনি লাল-হলুদ। আইএসএলে তলানিতে থেকেই আইএসএল অভিযান শেষ করতে হয়েছে ক্লেটনদের। কেরালায় সুপার কাপেও দলের আক্রমণভাগ ভালো খেললেও ডুবিয়েছেন ডিফেন্ডাররা। এই পরিস্থিতিতে স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেজে মোহভঙ্গ হয়েছে ক্লাবের। ইভানও নাকি চাইছেন না ইস্টবেঙ্গলে থাকতে। তবে এখনও ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে না স্প্যানিশ ডিফেন্ডার। সেক্ষেত্রে ইভানকে ছাড়তে হলে নির্দিষ্ট ক্ষতিপূরণ দিয়েই ছাড়তে হবে গঙ্গাপাড়ের ক্লাবকে।


গত মরশুমে গোয়া এফসি থেকে এই বিদেশীকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। তবে কাজে লাগাতে পারেনি এই বিদেশি তারকাকে। মরশুমের বেশির ভাগ সময় ডাগ আউটে বসে কাটাতে হয় ইভানকে। সুযোগ না পেয়ে তিনিও নাকি ক্লাব ছাড়তে চাইছেন।
ইভানকে না রাখলে নতুন করে বিদেশী ফুটবলার খোঁজ শুরু করে দিলেন কর্তারা। তবে নতুন ফুটবলারের ক্ষেত্রে এবার ধীরে চল নীতি গ্রহণ করতে চাইছে ক্লাব কর্তারা।

আরও পড়ুন   ম্যাচ শেষে বিরাট-গৌতমের গম্ভীর লড়াই, দুজনকেই শাস্তি দিল বোর্ড

সূত্রের খবর, মুম্বই সিটি এফসির সেনেগালের ডিফেন্ডার মুর্তাদা ফলের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন ক্লাব কর্তারা। গত মরশুমে চোট সমস্যার জন্য সেভাবে মাঠে নামতে পারেননি সেনেগালের দীর্ঘদেহী এই ডিফেন্ডার। কিন্তু তার আগের মরশুমে মুম্বই রক্ষণকে আগলে রেখেছিলেন ফল। সেবার মুম্বই আইএসএল চ্যাম্পিয়ন হয় মুম্বই। তার আগের মরশুমে গোয়াকে আইএসএল চ্যাম্পিয়ন করার পিছনেও ভূমিকা ছিল সাদিও মানের দেশের এই ফুটবলারের। তবে এই ফুটবলারকে আর দলে রাখতে চাইছে না মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজিটি। সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছে ইস্টবেঙ্গল কর্তারা। এখন আগামী মরশুমে ইস্টবেঙ্গল রক্ষণে ফলকে দেখা যায় কিনা তার উত্তর মিলবে ভবিষ্যতে।

About Post Author