স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ মে: আইপিএলে এবারও ঘুঁচলো না চোকার্স তকমা। গুজরাটের কাছে হেরে চলতি আইপিএল অভিযান শেষ করল আরসিবি। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে ব্যাঙ্গালোর। আরসিবির হয়ে দুরন্ত শতরান করেন বিরাট কোহলি। যদিও কাজে আসেনি সেই শতরান। ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় গুজরাট। গুজরাটের হয়ে এদিন শতরান করেন শুভমন গিল। এবারও সভ্য সমর্থকদের মুখে হাসি ফোটাতে ব্যর্থ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে মরণ বাঁচন ম্যাচে গুজরাট টাইটন্সের মুখোমুখি হয় আরসিবি। ঠিক তার আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। ফলে প্লে-অফে জায়গা পেতে হলে এদিন গুজরাটকে হারাতেই হত। তবে এদিন ব্যাঙ্গালোরের সামনে প্রধান বাঁধা হয় বৃষ্টি।

এদিন টসে জিতে রান তাড়া করার সিধান্ত নেন গুজরাট অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। যদিও ঘরের মাঠে প্রথমে ব্যাটিং করার সুযোগকে কাজে লাগিয়ে দুরন্ত শুরু করেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। প্রতি ওভারেই ঝড়ের গতিতে রান তুলতে থাকেন এই দুই ব্যাটার। অষ্টম ওভারে ব্যাঙ্গালোরের ইনিংসে প্রথম ধাক্কা দেন আফগান স্পিনার নুর আহমেদ। ফেরান আরসিবি অধিনায়ককে। ১৮ বলে ২৭ রান করেন তিনি। এরপরের ওভারে ফের আরসিবি শিবিরে ধাক্কা। এবার ভয়ংকর হয়ে ওঠার আগে গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরান রশিদ খান। ম্যাক্সওয়েল ভালো শুরু করেও ফেরেন ৫ বলে ১১ রান করে। নবম ওভারে ফের আফগান ঘূর্ণিতে বেসামাল ব্যাঙ্গালোরের ইনিংস। লোমরকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন নুর।

এক্ষেত্রে উইকেটের পিছনে ঋদ্ধির ভূমিকার প্রশংসা করতে হয়। তিন উইকেট হারালেও পিচের অপরপ্রান্তে অবিচল ছিলেন কোহলি। তাঁকে যোগ্য সঙ্গত দেন কিউয়ি ব্যাটার মাইকেল ব্রেসওয়েল। ব্রেসওয়েলের অবদান ১৬ বলে ২৬ রান। তাঁকে ডাগআউটে ফিরিয়ে আরসিবিকে ধাক্কা দেন মহম্মদ শামি। এরপর রানের খাতা না খুলে যশ দয়ালের বলে ডাগআউটে ফেরেন দীনেশ কার্তিক। এরপর কোহলির সঙ্গে জুটি বাঁধেন অনুজ রাওয়াত। ৬১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন বিরাট। এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচে শতরান পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। বিরাটের শতরান সাজানো ছিল ১৩ টি চার ও ১ টি ছয়ের সাহায্যে। আসন্ন আইসিসি বিশ্বকাপের আগে বিরাটের এই ফর্ম যে নির্বাচকদের চিন্তা কিছুটা কমাবে তা আর বলার অপেক্ষা রাখেনা। বিরাটের সঙ্গে ১৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন অনুজ। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রানের লক্ষ্যমাত্রা দেন বিরাটরা।
আরও পড়ুন বজবজে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর

চিন্নাস্বামীর ব্যাটিং সহায়ক পিচে এই রান তাড়া করা কঠিন কাজ নয়। কারণ আইপিএলে এই মাঠে প্রথম ইনিংসের গড় ১৯৫। আর আইপিএলে এই স্টেডিয়ামে রান তাড়া করে জেতার নজিরই বেশি। তবে এদিন রান তাড়া করতে নেমে ঋদ্ধির উইকেট হারায় গুজরাট। ১৪ বলে ১২ রান করেন তিনি। গুজরাট ইনিংসে প্রাথমিক ধাক্কাটা দেন মহম্মদ সিরাজ। যদিও প্রাথমিক ধাক্কা কাটিয়ে ম্যাচে ফেরে টাইটান্সরা। সৌজন্যে শুভমন গিল ও বিজয় শঙ্করের দাপুটে ব্যাটিং। দ্বিতীয় উইকেটে ৭১ বলে ১২৩ রান স্কোরবোর্ডে যোগ করেন এই জুটি। মাত্র ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন গিল।
আরও পড়ুন ফুটবল মাঠে মর্মান্তিক পরিণতি! পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু, আহত শতাধিক
৩৫ বলে ৫৩ রান করে বিজয় কুমারের বলে ফেরেন বিজয় শঙ্কর। এরপর শনাকাকে ফেরান হার্শাল প্যাটেল। এদিন রান পাননি ডেভিড মিলারও। তাঁর অবদান ৭ বলে ৬ রান। মিলারকেও ফেরান সিরাজ। একদিকে উইকেট হারাতে থাকলেও গুজরাটের জয় নিশ্চিত করেন গিল। শেষ বলে ছয় মেরে নিজের শতরান পূর্ণ করেন তিনি। ৫২ বলে ১০২ রানের অপরাজিত থাকেন দেশের ভবিষ্যতের এই তারকা। এই জয়ের ফলে লিগ শীর্ষে থেকেই প্লে-অফে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়নরা। অপরদিকে হেরে আইপিএল থেকে বিদায় নিল বিরাট কোহলির আরসিবি। তাই দুরন্ত সেঞ্চুরি করেও এই ম্যাচে ট্র্যাজিক নায়ক হয়েই থাকতে হল কোহলিকে।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়