Home » মোহনবাগানে বিদেশি, কে কে থাকছেন আর কে কে আসছেন?

মোহনবাগানে বিদেশি, কে কে থাকছেন আর কে কে আসছেন?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ জুন: ভারতে ফুটবল মরশুম শুরু হতে এখনও কয়েক মাস বাকি। কিন্তু আসন্ন মরশুমে সাফল্যের জন্য ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে ক্লাবগুলি। এখন জোরকদমে চলছে দলবদল পর্ব। সম্ভাব্য সেরা দেশী-বিদেশী ফুটবলারদের সই করিয়ে ক্লাবগুলি একে অপরকে টেক্কা দেওয়ার খেলায় মেতেছে। সেই টেক্কা দেওয়ার দৌড়ে পিছিয়ে নেই গতবারের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টসও। তবে পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের মত খুব বেশি ফুটবলারকে এবার সই করাতে হবে না সবুজ মেরুন শিবিরকে। কারণ, গত মরশুমে আইএসএলের জয়ী দলটাকে ধরে রাখতে চলেছে ক্লাব। মোহনবাগানে বিদেশি নিয়ে তবুও বেশ কিছু বিষয় গত কয়েক মাস ধরেই চর্চায় আছে।

যদিও মোহনবাগানে বিদেশি খেলোয়াড়দের মধ্যে ইতিমধ্যে গতবারের চ্যাম্পিয়ন দলের সার্ব ডিফেন্ডার স্লাভকো ড্যামজানোভিচকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মোহনবাগান ছেড়ে দিলেও ভারতে ক্লাব পেতে সমস্যা হয়নি তাঁর। এইএসএলের অন্যতম সফল ক্লাব বেঙ্গালুরু এফসি ৩০ বছরের ফুটবলারকে দলে নিয়েছে। স্লাভকোকে ছেড়ে দেওয়া হলেও রেখে দেওয়া হয়েছে গতবারের অজি ডিফেন্ডার ব্রেন্ডন হামিলকে। আরও এক বিদেশী ডিফেন্ডার কার্ল ম্যাকহিউর মোহনবাগানে ভবিষ্যত নিয়ে শুরু হয়েছে জল্পনা। ক্লাবে একটা সূত্রের দাবি ভালো পরিবর্ত না পাওয়া গেলে আগামী মরশুমে এই আইরিশ ফুটবলারটিকে রেখে দেওয়া হবে। রক্ষণের পাশাপাশি রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে গত মরশুমে বেশ নজর কেড়েছেন তিনি। তাঁকে দলে রাখার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখছে টিম ম্যানেজমেন্ট। এখন স্লাভকোর পরিবর্ত হিসেবে একজন বিদেশী ডিফেন্ডারের খোঁজে রয়েছে ক্লাব কর্তারা।

মোহনবাগানে বিদেশি অন্য খেলোয়াড়দের মধ্যে মাঝমাঠে রেখে দেওয়া হয়েছে ফরাসি মিডফিল্ডার হুগো বুমোকে । গত মরশুমে শেষের দিকে কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে কিছু মনোমালিন্য হয়েছিল হুগোর। মরশুম শেষে তাই জল্পনা তৈরি হয়েছিল এই ফরাসি মিডফিল্ডারটির মোহনবাগানে ভবিষ্যত নিয়ে। এমনকি অনেক সূত্র দাবি করছিল, সের্গিও লোবেরা ইস্টবেঙ্গল কোচ হলে, নাকি চির প্রতিদ্বন্দ্বী ক্লাবেও নাম লেখাতে পারেন বুমো। তবে এসব কিছুই বাস্তবে ঘটেনি। আসন্ন মরশুমে এই সৃজনশীল মিডফিল্ডারকে ছাড়ারও কোনো পরিকল্পনা নেই ক্লাবের।

ফরোয়ার্ডে রাখা হচ্ছে অস্ট্রেলিয়ার দিমিত্রি পেত্রাতোসকে। গত মরশুমে দুরন্ত ফর্মে ছিলেন এই স্ট্রাইকার। তবে গোল করার থেকেও উইথড্রল ফরওয়ার্ড হিসেবে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন তিনি। তাই এবার পেত্রাতোসসের সঙ্গী করে আনা হচ্ছে তাঁরই স্বদেশীয় জেসন কামিংসকে। দুরন্ত ফর্মে রয়েছেন এই বিধ্বংসী স্ট্রাইকার। অস্ট্রেলিয়ার ‘এ লিগ’-এর ফাইনালে মেলবোর্ন সিটির মুখোমুখি হয়েছিল সেন্ট্রাল কোস্ট মেরিনার্স। যেই ক্লাবে খেলেন মোহনবাগানের নতুন অতিথি। সেই ম্যাচে কামিংসের হ্যাটট্রিকের সৌজন্যে মেলবোর্ন সিটিকে গোলের মালা পরায় মেরিনার্সরা। সেটি ছিল অস্ট্রেলিয়ায় জেসনের শেষ ম্যাচ। আর কিছুদিন পরই মোহনবাগানে বিদেশি  খেলোয়াড়দের মধ্যে উল্লেকযোগ্য তারকা হিসেবে সই করবেন তিনি।এখন ভারতে এসে ভারতের পরিবেশকে কতটা মানিয়ে নিতে পারেন এই তারকা ফরোয়ার্ড, তার উপরই নির্ভর করবে মোহনবাগানের ভাগ্য।

About Post Author