Home » ফের স্বমহিমায় ফিরছে কলকাতা ফুটবল লিগ, কবে থেকে শুরু? জেনে নিন

ফের স্বমহিমায় ফিরছে কলকাতা ফুটবল লিগ, কবে থেকে শুরু? জেনে নিন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ জুন: ঢাকে কাঠি পড়ল কলকাতা ফুটবল লিগের। ইন্ডিয়ান সুপার লিগের জন্য দীর্ঘদিন চলা এই টুর্নামেন্ট প্রায় আলোচনার অন্তরালে চলে গিয়েছিল। কিন্তু এই বছর থেকে ফের নতুন উদ্যমে শুরু হতে চলেছে শতাব্দী প্রাচীন এই ফুটবল টুর্নামেন্টের। এবারের কলকাতা ফুটবল লিগ অন্যবারের তুলনায় আলাদা। কারণ, এবারই প্রথম প্রিমিয়ার এ ও প্রিমিয়ার বি-র দলগুলিকে জুড়ে দেওয়া হয়েছে। সোমবার আইএফএ অফিসে মোট ২৬ টি দলকে নিয়ে লটারির মাধ্যমে স্তরবিন্যাস হয়েছে। এবার মোট দুটি গ্রুপে রাখা হয়েছে এই ২৬ টি দলকে।

স্তরবিন্যাসের পর দেখা যাচ্ছে গ্রুপ এ-তে রয়েছে ৩০ বারের কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান। মোহনবাগান ছাড়াও এই গ্রুপে রয়েছে কলকাতার আর এক প্রধান মহামেডান, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি, নবাব ভট্টাচার্যের ইউনাইটেড স্পোর্টস-সহ কলকাতা ময়দানের একাধিক নামী ক্লাব। কার্যত এই গ্রুপটিকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। অপরদিকে, গ্রুপ বি তে রয়েছে এই টুর্নামেন্টের ইতিহাসের সব থেকে সফলতম দল ইস্টবেঙ্গল। ৩৯ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ছাড়াও এই গ্রুপে রয়েছে তাঁদের পড়শী ক্লাব এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, ভবানীপুরের মত ক্লাবগুলি।

আরও পড়ুন  রেল দুর্ঘটনায় নৈতিক দায়ের প্রশ্নে রেলমন্ত্রীর পদত্যাগ ও ইতিহাস (পর্ব ২)

আগামী ২৫ শে জুন থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতা ফুটবল লিগ। সূত্রের খবর, প্রায় তিন বছর পর এবার মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানের মাঠে খেলা হবে। শুধু তাই নয় বেশ কিছু ম্যাচ নৈশালোকে করার সিদ্ধান্ত নিয়েছে আইএফএ।

গ্রুপ এ– মোহনবাগান এসজি, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ডহারবার এফসি, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ইউনাইটেড স্পোর্টস, কালীঘাট মিলন সংঘ, ডালহৌসি, এফসিআই, পিয়ারলেস, পাঠচক্র সিএফসি ও আর্মি রেড, ।

গ্রুপ বি – ইস্টবেঙ্গল, এরিয়ান, ভবানীপুর, জর্জ টেলিগ্রাফ, পুলিশ এসি, খিদিরপুর, কলকাতা কাস্টমস, রেনবো, বিএসএস, ইস্টার্ন রেল, রেলওয়ে এফসি, উয়াড়ি, পশ্চিমবঙ্গ পুলিশ।

About Post Author