সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,৪ আগস্ট :মোহনবাগান বিশাল জয় দিয়ে ডুরান্ড কাপে তাদের অভিযান শুরু করল। ওপার বাংলার সেনাদের ধরাশায়ী করে সবুজ মেরুনের নতুন মরশুম শুরু হল । বৃহস্পতিবার থেকে শুরু হল ১৩২ তম ডুরান্ড কাপের আসর। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা শুরুর আগে বলে শট মারেন তিনি। প্রথম দিনেই মাঠে নামে ময়দানের প্রধান ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টস। সবুজ মেরুনের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ আর্মি। সেনাদের ধরাশায়ী করতে বেগ পেতে হয় নি মোহনবাগানকে।
ঘরের মাঠে বাংলাদেশ আর্মিকে ৫-০ গোলে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু করল মোহনবাগান। এ বারের প্রতিযোগিতায় কলকাতা লিগে খেলা তরুণ দলের সঙ্গে সিনিয়র দলের কয়েকজনকে মাঠে নামান মোহনবাগানের কোচ বাস্তব রায়। অন্য দিকে বাংলাদেশ আর্মি শক্তিশালী দল নিয়েই ডুরান্ড কাপে খেলতে এসেছে। সে দেশের জাতীয় দলে খেলা কয়েকজন ফুটবলার ছিল আর্মি ব্রিগেডে। যদিও মোহনবাগান যুব দলের সামনে খড়কুটোর মত উড়ে গেল তাঁরা। গোলের সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত মোহনবাগান।
খেলার শুরু থেকেই দাপট মোহনবাগানের। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন সুহেল, লিস্টন, মনবীররা। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে আক্রমণে উঠতে থাকে তারা। দু’দিকের প্রান্ত ব্যবহার করে বারবার আর্মি শিবিরে হানা দেন মোহন ফুটবলাররা। ১৪ মিনিটে লিস্টনের গোলে এগিয়ে যায় সবুজ মেরুন শিবির। ডান প্রান্ত ধরে বক্সে ঢুকে ক্রস বাড়ান রবি। সেই ক্রস ধরে বাঁ পায়ের টোকায় দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচের ২৭ মিনিটে ফের ব্যবধান বাড়ায় বাগান। সুহেল ভাটকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় বাগান। ডান পায়ের মাটি ঘেঁষা শটে গোল করতে ভুল করেননি মনবীর।
৩৯ মিনিটে এবার নিজের গোলের খাতা খুললেন মোহনবাগানের ফরওয়ার্ড সুহেল। তবে ওটাকে আত্মঘাতী গোল হিসেবে দেখানো হয়। বিরতির আগেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশ আর্মির মিজানুর রহমান। ১০ জনে হয়ে যায় দল। ৩-০ এগিয়ে বিরতিতে যায় বাগান।
দ্বিতীয়ার্ধেও দাপুটে ফুটবল ধরে রাখল বাগানের ফুটবলাররা। ৫৮ মিনিটের মাথায় চতুর্থ গোলের সন্ধান পায় মোহনবাগান। গোলদাতা নামতে। ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। এইসময় ১০ জনের বাংলাদেশ সেনার দলকে বিধ্বস্ত দেখাচ্ছিল। ৮৯ মিনিটের মাথায় ম্যাচের শেষ গোলটি করে মোহনবাগান শিবির। লিস্টনের দূরপাল্লার শট কোনও রকমে বাঁচান বাংলাদেশের গোলরক্ষক। ফিরতি বলে গোল করে ৫-০ করেন কিয়ান। মরশুমের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে জিতে মাঠ ছাড়ে গত বারের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়নরা। ডার্বির আগে এই জয় নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন জোগাবে মোহনবাগানকে।
আরও পড়ুন : এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ভারত, চিনকে হারাল ৭-২ গোলে


More Stories
লাল হলুদের শক্তি বাড়াতে চলে এলেন লুকাস
বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব
বারাসাতে ফিরল শিল্ডের খেলা, বিশ্বজিতের দলের প্রতিপক্ষ শক্তিশালী পাঞ্জাব