Home » ক্লাব ছাড়তে পারেন আইএসএল জয়ী তারকা ফুটবলার, জোর জল্পনা মোহনবাগানে

ক্লাব ছাড়তে পারেন আইএসএল জয়ী তারকা ফুটবলার, জোর জল্পনা মোহনবাগানে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ আগস্ট: দুরন্ত জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্টস। প্রথম ম্যাচেই বাংলাদেশের সেনা দলকে হারিয়েছে ৫-০ গোলে। বাগানের জার্সিতে দুরন্ত ফুটবল খেলেছেন লিস্টন কোলাসো। তবে, প্রথম ম্যাচের পরই লিস্টনের মোহনবাগানে ভবিষ্যত নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। জানা গিয়েছে, ক্লাব ছাড়তে পারেন আইএসএল জয়ী তারকা ফুটবলার।  সূত্রের খবর, ওড়িশা এফসির সঙ্গে অনকটাই কথাবার্তা পাকা হয়ে গিয়েছে ২৪ বছরের উইঙ্গারের।

এই মরশুমে মোহনবাগান ফ্রন্ট লাইনে তারকার মেলা। কামিংস, সাদিকু, পেত্রাতোসের মত বিদেশী রয়েছেন ফেরেন্দোর শিবিরে। এছাড়াও রয়েছেন আব্দুল সামাদ, মানবীর সিংয়ের মত দেশীয় ফুটবলাররা। ফলে প্রথম দলে নিয়মিত সুযোগ পাওয়াটাই এখন যথেষ্ট চ্যালেঞ্জিং সবুজ মেরুন ফুটবলারদের কাছে। অনেকটা এই কারণেই নাকি এবার কলকাতাকে বিদায় জানাতে চেয়েছেন লিস্টন। সূত্রের খবর, পড়শি রাজ্যের ক্লাব ওড়িশা এফসির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিও করেছেন তিনি।

আরও পড়ুন  বাংলাদেশের সেনাদের ধরাশায়ী করে মোহনবাগানের ডুরান্ড অভিযান শুরু

২০২০-২১ মরশুমে হয়দরাবাদ এফসি থেকে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে লিস্টনকে সই করায় এটিকে মোহনবাগান। মোহনবাগানের জার্সিতে প্রথম মরশুমে নজরকাড়া ফুটবল উপহার দেন দেশের এই প্রতিভাবান উইঙ্গার। বাঁ প্রান্ত দিয়ে আক্রমনে উঠে একের পর এক গোল উপহার দিয়েছেন দর্শকদের। গোল করার পাশাপাশি গোল করিয়েছেন সতীর্থ ফুটবলারকে দিয়ে। ইন্ডিয়ান সুপার লিগে ওই মরশুমে ভারতীয় ফুটবলারদের মধ্যে সব থেকে বেশি গোলও করেছিলেন তিনি। যদিও গত মরশুমে কিছুটা ছন্দহীন মনে হয়েছে লিস্টনকে।

আরও পড়ুন     এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ভারত, চিনকে হারাল ৭-২ গোলে

এবার নিজের পুরনো ফর্ম ফিরে পেতে মরিয়া এই গোয়ানিজ ফুটবলার। ইতিমধ্যে ফেরেন্দোর তত্ত্বাবধানে প্রস্তুতি শুরু করে দিয়েছে গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। কলকাতা লিগে রিজার্ভ ও জুনিয়র দলকে খেলালেও, ডুরান্ডে জুনিয়র দলের সঙ্গে কয়েকজন সিনিয়রকে দলে রাখা হয়েছে। তাদের মধ্যে একজন লিস্টন। তবে পেশাদারি ফুটবল জীবনে নতুন চ্যালেঞ্জ নিতে চাইছেন গোয়ার এই ফুটবলার। তাই নাম লেখাতে চলেছেন ওড়িশা এফসিতে। যদিও লিস্টন বা ক্লাবের পক্ষ থেকে এখনও এই খবরে সরকারি সিলমোহর দেওয়া হয়নি। এখন আগামী মরশুমে কোথায় খেলতে দেখা যায় ভারতীয় ফুটবলের অন্যতম উদীয়মান এই উইঙ্গারকে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।

About Post Author