স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ সেপ্টেম্বর: রাত পোহালেই ডুরান্ড কাপের মেগা ফাইনাল। মুখোমুখি কলকাতা ময়দানের দুই প্রবল প্রতিপক্ষ ইমামি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচকে কেন্দ্র করে আরও একবার সমর্থকদের মধ্যে বাড়ছে উন্মাদনার পারদ। ইতিমধ্যে সূত্রের খবর, ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
এখনও অনেক সমর্থক ম্যাচের টিকিট না পেয়ে হাহুতাশ জুড়েছে। টিকিট নিয়ে আগাম চাহিদার পূর্বাভাস ছিল। কারণ, ১৯ বছর পর ডুরান্ড কাপের ডার্বিতে মুখোমুখি ময়দানের দুই প্রধান।

ম্যাচের একদিন আগে নিজেদের দলের সেরা অস্ত্রগুলিতে শান দিচ্ছেন দুই দলের দুই স্প্যানিশ কোচ। চলতি ডুরান্ড কাপের গ্রুপ লিগে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। ওই ম্যাচের পর পিছনে ফিরে তাকাতে হয়নি কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের। ওই ম্যাচ হেরে ঘুরে দাঁড়িয়েছে জুয়ান ফেরান্দোর দল। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে তাঁরা হারিয়েছে যথাক্রমে মুম্বই সিটি এফসি ও গোয়া এফসিকে। দুটিই ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম শক্তিশালী দল।

তবে ফাইনালে এবার কি সেই হারের প্রতিশোধ নিতে পারবে সবুজ মেরুন? দীর্ঘ ২৩ বছর পর ক্লাবে ঢুকবে ঐতিহ্যের ডুরান্ড কাপ? যদিও প্রতিশোধ নিয়ে ভাবতে নারাজ মোহন কোচ জুয়ান ফেরান্দো। এএফসি কাপ ও ইন্ডিয়ান সুপার লিগের আগে এই ম্যাচকে প্রস্তুতি হিসেবে দেখছেন স্প্যানিশ কোচ। দলের ফুটবলারদের বিভিন্ন জায়গায় খেলিয়ে দেখে নিতে এই প্রতিযোগিতাকে বেছে নিচ্ছেন বলেই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন চাঁদের পর এবার সূর্যে ভারতের সফল পাড়ি

মুখে না বললেও ফাইনালে নামার আগে চাপে থাকবেন মোহন কোচ। কারণ সাম্প্রতিক সময় ইস্টবেঙ্গলের ফর্ম। যদিও প্রতিশোধের কথা শোনা গিয়েছে দলের আলবেনিয়ান স্ট্রাইকার আর্মন্দো সাদিকুর কথায়। ওই ডার্বিতে প্রথম দলের জার্সি গায়ে মাঠে নামেন তিনি। যদিও দলকে হারের মুখ থেকে রক্ষা করতে পারেননি। গোল করে মরশুমের প্রথম ট্রফি দর্শকদের উপহার দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন গোয়া ম্যাচে দুরন্ত গোল করা সাদিকু।


More Stories
লাল হলুদের শক্তি বাড়াতে চলে এলেন লুকাস
বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব
বারাসাতে ফিরল শিল্ডের খেলা, বিশ্বজিতের দলের প্রতিপক্ষ শক্তিশালী পাঞ্জাব