Home » রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া, জি-২০ বৈঠকের বিশেষ নৈশভোজে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা

রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া, জি-২০ বৈঠকের বিশেষ নৈশভোজে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা

সময় কলকাতা ডেস্ক, ৮ সেপ্টেম্বর: আসন্ন জি-২০ সম্মেলন নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। ইতিমধ্যেই রাজধানী দিল্লিকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জি-২০ সম্মেলন উপলক্ষে বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ কেন্দ্রীয় মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।  পাশাপাশি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকরা, বড় বড় শিল্পপতিরাও আমন্ত্রণ পেয়েছেন।  এবার রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে জি-২০ সম্মেলন যোগ দিতে শুক্রবার দিল্লিতে যাচ্ছেন মমতা। সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে ওই বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। ওই নৈশভোজেই যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  যদিও  কোন রাজনৈতিক দলের নেতাদের ওই  নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়নি বলেই সূত্রের খবর। এমনকী  কংগ্রেস সভাপতি তথা বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গেও জি-২০ বৈঠকে নৈশভোজে আমন্ত্রণ পাননি।  আর তাঁকে আমন্ত্রণ না জানানোয় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

জানা গিয়েছে, এদিনের বিশেষ নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখাও হবে মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে, শনিবার বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা দিল্লিতে এসে পৌঁছবেন। কার্যত সেকারণেই এদিন সকাল থেকে দিল্লিতে এয়ার ট্রাফিক কন্ট্রোল চালু হবে। প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে জি-২০ ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। এবার জি-২০ ভুক্ত দেশগুলির সম্মেলনে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সন্ত্রাসবাদ সহ একাধিক বিষয়ে আলোচনার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। এবার জি-২০র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত।

আরও পড়ুন   রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজভবনের সামনে ধর্নায় উপাচার্য সংগঠন

ভারতের সভাপতিত্বে জি-২০ সামিটে ১১০টি দেশের ১২ হাজার ৩০০ প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এবারের জি-২০ সামিটে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন এই ভারত সফর নিয়ে খুবই উৎসাহী বলেই জানা গিয়েছে। জি-২০ সম্মেলনের সদস্য হিসাবে এটাই তাঁর প্রথম ভারত সফর হতে চলেছে। এছাড়াও ভারতে আসছেন বিদেশ সচিব টনি ব্লিঙ্কেন, অর্থ সচিব জ্যানেট ইয়েলেন ও বাণিজ্য সতিব গিনা রাইমন্ডো। কার্যত সেকারণেই এবারের জি-২০ সম্মেলন বিশ্ব দরবারে ভারতের শক্তিশালী নেতৃত্বকে প্রতিষ্ঠা করবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে,ভারতে যেসময় জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে, ঠিক সেসময়ই আমেরিকায় অনুষ্ঠিত হবে এপেকের বৈঠক।

About Post Author