স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ সেপ্টেম্বর: বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা দলগুলি। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড নিজেদের মধ্যে একদিনের সিরিজ খেলতে ব্যস্ত। সেই সিরিজের তৃতীয় ম্যাচে বিধ্বংসী ফর্মে দেখা গেল ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে। বিশ্বকাপে দেশের হয়ে খেলার জন্য অবসর ভেঙে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন স্টোকস। জানা যায় সতীর্থদের অনুরোধে নাকি ফের জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সিধান্ত নিয়েছেন ৩২ বছরের এই ক্রিকেটার। তাঁর নেওয়া সিধান্ত যে সঠিক ছিল বাইশ গজে প্রমাণ করলেন স্টোকসি। বিশ্বকাপের আগে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে এক অতিমানবীয় ইনিংস খেললেন তিনি।

আরও পড়ুন এশিয়ান গেমসে সুনীলদের দলঘোষণা, বাদ পড়লেন একঝাঁক ফুটবলার
ওভালে সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক। শুরুতেই বেয়াস্ট্রো ও রুটের উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে যায় গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেখান থেকে দলকে টেনে তোলার গুরুদায়িত্ব পালন করলেন স্টোকস। ওপেনার অনভিজ্ঞ মালানকে সঙ্গী করে কিউয়ি বোলারদের উপর রীতিমত শাসন করলেন স্টোকস। চেনা মেজাজে নিউজিল্যান্ড বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন ইংল্যান্ড ক্রিকেটের ‘দ্যা ড্রাগন’। মাত্র ৭৬ বলে পূর্ণ করলেন একদিনের ক্রিকেটে তাঁর পঞ্চম শতরান। মালানের সঙ্গে জুটিতে খেললেন ১৯৯ রানের স্মরণীয় ইনিংস। শতরানের পরও স্টোকসের ব্যাটিং আগ্রাসন আরও বাড়তে থাকে। ফিলিপসের বলে ছক্কা হাঁকিয়ে দেড়শো রান পুর্ণ করেন স্টোকসি। দেড়শো রান করতে নিলেন ১০৬ টি বল। ১২৪ বলে ১৮২ রান করে থামেন স্টোকস। দীর্ঘ ইনিংসে মারলেন ১৫টি চার এবং ন’টি ছয়।

স্টোকসের এই ইনিংসে একটি নজিরও সৃষ্টি হল। একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের এটিই সর্বোচ্চ রানের ইনিংস। ২০১৮ সাল থেকে এই রেকর্ডটি ছিল জেসন রয়ের দখলে। মেলবোর্নে ১৮০ রান করেছিলেন জেসন। এটি ছাড়াও একটি রেকর্ড গড়লেন স্টোকস। ভিভ রিচার্ডসের পর একদিনের ক্রিকেটে সেকেন্ড ডাউনে এটিই কোনও ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ রান। অল্পের জন্য দ্বিশত রান হাতছাড়া হলেও একদিনের ক্রিকেটে নিজের সেরা ইনিংসটি এদিন খেলে গেলেন বেন স্টোকস। মূলত তাঁর ও মালেনের ব্যাটে ভর করে ৪৮.১ ওভারে ৩৬৮ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে ১৮৭ রানে শেষ হয়ে যায় ব্ল্যাক ক্যাপসদের ইনিংস। গ্লেন ফিলিপসের ৭২ রান ছাড়া আর কোনও কিউয়ি ব্যাটার এই ম্যাচে উল্লেখযোগ্য রান পাননি। ক্রিস ওকস ও লিয়াম লিভিংস্টোন ৩ টি করে উইকেট নেন। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার