Home » নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি, রক্ষাকবচ হাইকোর্টের

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি, রক্ষাকবচ হাইকোর্টের

সময় কলকাতা ডেস্ক, ২২ সেপ্টেম্বরঃ নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির দায়ের করা ইসিআইআরের ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না অভিষেকের বিরুদ্ধে। শুক্রবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যদিও ইডি-র দায়ের করা ইসিআইআর খারিজের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। এই পরিস্থিতিতে অভিষেকের ইসিআইআর খারিজের আবেদন অপরিণত অবস্থায় রয়েছে। ইসিআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে এই সংক্রান্ত মামলার শুনানি চলছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এরপর শুনানি শেষে শুক্রবার বিচারপতি জানান, সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পরে ইডি কোনও তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরতে পারেনি। ইডির দায়ের করা ইসিআইআরের ভিত্তিতে এখন কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। প্রসঙ্গত, কুন্তল ঘোষের চিঠির সূত্র ধরে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার। ডিরেক্টর সিইও সহ সকলের সম্পত্তির খতিয়ান করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

গত ১৩ সেপ্টেম্বর অভিষেক ইডির ম্যারাথন জেরার শেষে নিজাম প্যালেস থেকে বেরিয়ে এসে নিজেই জানিয়েছিলেন, তিনি লিপস অ্যান্ড বাউন্ডসের কার্যনির্বাহী আধিকারিক। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও ডিরেক্টরসহ একাধিক আধিকারিকের সম্পত্তির খতিয়ান জমা দিয়েছে। এদিনে শুনানিতে সংস্থার কম্পিউটারের ১৬টি ফাইল ডাউনলোড হওয়ার প্রসঙ্গ উঠে আসে। এই মামলাটিরই শুনানি চলছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, যার রায়দান হবে শুক্রবার। এদিকে, সম্পত্তির খতিয়ান দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। দিল্লিতে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বলেন, ইডি যেদিন প্রথমবার তলব করেছিল তাঁকে, সেদিনই নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাঙ্কের লেনদেনের সমস্ত তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়েছিলেন তিনি। নিজে পাঁচবার এবং স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় চারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখোমুখি হওয়ার পরেও তদন্তের নামে বারবার তাঁদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক।

আরও পড়ুন     পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই স্ক্যানারে বরানগর পুরসভা

উল্লেখ্য, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডির তল্লাশি অভিযান চলাকালীন একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করা হয় বলে অভিযোগ। ইডির দাবি, এক তদন্তকারী অফিসার তাঁর ব্যক্তিগত কারণে সেগুলি ডাউনলোড করে। ইতিমধ্যে ওই ১৬টি ফাইল বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। বিতর্কিত ওই ১৬টি ফাইল তলব করে হাইকোর্ট। গত সপ্তাহেই তদন্তকারী সংস্থা কলকাতা হাইকোর্টে দাবি করে, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইল নিয়ে ইডি আধিকারিকদের হয়রানি করছে কলকাতা পুলিশ। বারবার চিঠি দিচ্ছে তারা। ইডির অফিসারদের রক্ষাকবচ দেওয়ার আর্জিতে নতুন করে আবেদন করার অনুমতি চায় ইডি। নতুন আবেদন করে মামলা করার অনুমতি দেন বিচারপতি সিনহা। ওই মামলার শুনানির প্রথম পর্বে হাইকোর্ট জানিয়ে দেয় ইডির আধিকারিকের বিরুদ্ধে আপাতত ব্যবস্থা নেওয়া যাবে না।

About Post Author