Home » এশিয়ান গেমসে ষষ্ঠ সোনা শ্যুটিংয়ের হাত ধরে , সোনা জিতলেন ভারতের শ্যুটাররা

এশিয়ান গেমসে ষষ্ঠ সোনা শ্যুটিংয়ের হাত ধরে , সোনা জিতলেন ভারতের শ্যুটাররা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসের পঞ্চম দিনেও সোনার দৌড় অব্যাহত ভারতের। বৃহস্পতিবারও এশিয়ান গেমসে সোনা জিতলেন ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের দলগত বিভাগে সোনা জিতল ভারত। এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জিতলেন সরবজ্যোৎ সিংহ, শিবা নারওয়াল ও অর্জুন সিংহ চিমা।

এই ইভেন্টের ফাইনালে মোট ছয়টি রাউন্ড হয়। প্রতিটি রাউন্ডে লক্ষ্যভেদ করেন তিনজন করে শ্যুটার। ভারতের শ্যুটার সরবজ্যোত ছয়টি রাউন্ডে স্কোর করেন যথাক্রমে ৯৭,৯৬,৯৭,৯৭,৯৬ ও ৯৫। ছয়টি রাউন্ডে শিবার স্কোর যথাক্রমে ৯৭,৯৬, ৯৭, ৯৭, ৯৬ ও ৯৫। শেষ শ্যুটার অর্জুন স্কোর করেন যথাক্রমে ৯২, ৯৬, ৯৭, ৯৯, ৯৭ ও ৯৫। প্রথম রাউন্ডে ভারতীয় শ্যুটার দলের স্কোর ছিল ২৮৪। দ্বিতীয় রাউন্ডে ২৮৭। তৃতীয় রাউন্ডে ২৯১। চতুর্থ রাউন্ডে ২৯৪। পঞ্চম রাউন্ডে ২৯০। এবং সর্বশেষ ষষ্ঠ রাউন্ডে ২৮৮। সব মিলিয়ে ভারতের প্রাপ্ত স্কোর ১৭৩৪। ছয়টি রাউন্ডে ভারতকে জোর টেক্কা দিয়েছিলেন চিন। তবে শেষ মুহূর্তে স্নায়ু চাপ ধরে রেখে বাজিমাৎ করে ভারত। ১৭৩৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে আয়োজক চিন। এই প্রতিযোগিতার তৃতীয় স্থান পেয়েছে ভিয়েতনাম।

আরও পড়ুন: শ্যুটিংয়ে ফের দেশের নাম উজ্জ্বল, পঞ্চম সোনা জয় ভারতের

কৃতী শ্যুটারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, “এশিয়ান গেমসে আর একটি সোনা জিতেছে ভারত। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের পুরুষ দল সোনা জিতেছে! সরবজোত সিং, অর্জুন সিং চিমা এবং শিবা নারওয়াল তাদের নির্ভুলতা এবং দক্ষতা দিয়ে সমগ্র জাতিকে গর্বিত করেছেন। আমি তাদের অভিনন্দন জানাই এবং তাদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।” ভারতের কৃতী শ্যুটারদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও।

এশিয়ান গেমসে ভারত মোট পদক পেয়েছে ২৫ টি (প্রতিবেদন লেখা পর্যন্ত)। তারমধ্যে সোনা জিতেছে ৬ টি। রুপো জিতেছে ৮ টি। এবং তামা জিতেছে ১০ টি। এখনও পর্যন্ত তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। আর একটি সোনা জিতলে ভারত টপকে যাবে চতুর্থ স্থানে থাকা উজবেকিস্তানকে।

About Post Author