স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ অক্টোবর: চ্যাম্পিয়ন্স লিগে স্বস্তির জয় রিয়েল মাদ্রিদের। সি গ্ৰুপের ম্যাচে নাপোলিকে ৩-২ গোলে হারিয়েছে রিয়েল। তবে ইতালির ক্লাবের বিরুদ্ধে জয় পেতে বেশ পরিশ্রম করতে হয়েছে কার্লো আন্সেলোত্তির ছেলেদের। রিয়েলের হয়ে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম। একটি গোল হয় আত্মঘাতী। অপরদিকে নাপোলির হয়ে গোল করেন লিও স্কিরি অস্টিগার্ড ও পিওতর জিয়েলেনস্কি। গোটা ম্যাচে দুরন্ত খেলেন জুড বেলিংহ্যাম।

ইতালির দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে নাপোলির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় রিয়েল মাদ্রিদের। বল দখলের লড়াইয়ে স্পেনের ক্লাবকে সমানে সমানে টেক্কা দেয় গতবারের ইতালির লিগ চ্যাম্পিয়নরা। প্রথম গোলের জন্য নাপোলিকে অপেক্ষা করতে হয় ১৯ মিনিট। গোল করেন ডিফেন্ডার লিও স্কিরি অস্টিগার্ড। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে আক্রমণে ঝাঁঝ বাড়ায় লস ব্ল্যাঙ্কোরা। ২৭ মিনিটের মাথায় রিয়েলের হয়ে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। বেলিংহামের পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। পরের গোলটি নিজেই করেন জুড বেলিংহ্যাম। ৩৪ মিনিটে ম্যাচে প্রথমবারের জন্য রিয়ালকে এগিয়ে দেন। ক্যামাভিঙ্গার পাস ধরে একক দক্ষতায় গোল করেন ইংল্যান্ড মিডফিল্ডার। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান রিয়েল ফুটবলারেরা।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে হারের রেকর্ড, ঘরের মাঠে ধাক্কা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালাতে থাকে নাপোলি। ৫২ মিনিটে ইতালির ক্লাবকে পেনাল্টি উপহার দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে গ্লি আজুরিদের সমতায় ফেরান পিওতর জিয়েলেনস্কি। কিন্তু ৭৮ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নিয়েছিলেন ভ্যালভের্দে। বল ক্লিয়ার করতে গিয়ে নাপোলির হয়ে আত্মঘাতী গোল করে বসেন গোলরক্ষক অ্যালেক্স মেরেট। পিছিয়ে পড়ে ঘরের মাঠে আর সমতা ফেরাতে পারেনি নাপোলি। গোটা ম্যাচে মাদ্রিদের মিডফিল্ডে দুরন্ত খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন জুড বেলিংহাম। এনিয়ে গত ৯ ম্যাচে ৬ বার ম্যাচের সেরার পুরস্কার জিতলেন ইংল্যান্ডের এই তরুণ মিডফিল্ডার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার