Home » ফার্গি টাইমে সুপার সাবের জোড়া গোলে জয়ে ফিরল ইউনাইটেড, জয় পেয়েছে চেলসিও

ফার্গি টাইমে সুপার সাবের জোড়া গোলে জয়ে ফিরল ইউনাইটেড, জয় পেয়েছে চেলসিও

স্পোর্টস ডেস্ক , সময় কলকাতা, ৮ অক্টোবর: প্রিমিয়ার লিগের (Premier League)অষ্টম খেলার সপ্তাহে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ঘরের মাটিতে ব্রেন্টফোর্ডকে (Brentford) ২-১ গোলে হারাল ইউনাইটেড। ইউনাইটেডের হয়ে জোড়া গোল করে নায়ক স্কট ম্যাকটমিনয়ে (Scott McTominoy)। লিগের অপর একটি খেলায় জয় পেয়েছে চেলসি (Chelsea)। বিপক্ষের মাঠে ৪-১ গোলে জয় পেয়েছে তারা। দ্যা ব্লু’জদের প্রতিপক্ষ ছিল বার্নলি।

সদ্য প্রয়াত হয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের স্ত্রী। শোকাহত স্যার অ্যালেক্সকে তাই শনিবার প্রিয় দলের গ্যালারিতে দেখা যায়নি। এই মরশুমে শুরুটা এমনিতেও ভালো হয়নি রেড ডেভিলদের। শনিবার মাঠে নামার আগে পর্যন্ত প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে ৪ টি হেরেছে দল। ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে প্রথমার্ধে খারাপ খেলার ধারাবাহিকতা বজায় রাখে এরিক শিবির। লিগ তালিকায় অবনমনের আওতায় থাকা দলের বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিলেন তাঁরা। গোলরক্ষক ও ডিফেন্ডারদের ভুলে এদিনও গোল হজম করতে হল।

আরও পড়ুন: স্যার আলেক্স ফার্গুসনের জীবনসঙ্গিনীর জীবনাবসান

দ্বিতীয়ার্ধে দাপট দেখালেও ম্যাচে কিছুতেই সমতা ফেরাতে পারছিল না ইউনাইটেড। কয়েকজন ফুটবলার পরিবর্তন করেন এরিক। ৮৭ মিনিটে আমরাবাতের পরিবর্তে মাঠে নামান স্কট ম্যাকটমিনেকে। ইউনাইটেড সমর্থকরা যখন ফের একটা হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন নাটকীয় গোলে ইউনাইটেডকে সমতায় ফেরান ম্যাকটমিনে। এখানেই নাটকের শেষ নয়। সংযুক্তি সময়ের শেষ লগ্নে ফের হেড করে দলকে এগিয়ে দেন তিনি। ইউনাইটেড সমর্থকরা সংযুক্তি সময়কে বলেন ফার্গি টাইম। সেই ফার্গি টাইমে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন স্কট ম্যাকটমিনে।

প্রিমিয়ার লিগের অন্য একটি খেলায় জয় পেয়েছে চেলসি। শনিবার বার্নলিকে ৪-১ গোলে হারিয়েছে পচেত্তিনোর ছেলেরা। খেলার শুরুতে টার্ফ মুরে পিছিয়ে পড়েছিল নীল জার্সিধারীরা। ওদবার্ট গোল করে বার্নলিকে এগিয়ে দেন। প্রথমার্ধের নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে সমতা ফেরায় চেলসি। যদিও গোলটি হয় আত্মঘাতী।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে চাপ তৈরি করে দ্যা ব্লু’জরা। ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন কোল পার্মার। ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান রহিম স্টার্লিং। আর ৭৪ মিনিটে শেষ গোলটি করে চেলসির জয় নিশ্চিত করেন জ্যাকসন। অষ্টম ম্যাচে নিজেদের তৃতীয় হয় পেল চেলসি।

About Post Author