Home » আইএসএলে অপ্রতিরোধ্য মোহনবাগান, চেন্নাইয়িনকে হারিয়ে লিগের শীর্ষ স্থান ধরে রাখল সবুজ-মেরুন

আইএসএলে অপ্রতিরোধ্য মোহনবাগান, চেন্নাইয়িনকে হারিয়ে লিগের শীর্ষ স্থান ধরে রাখল সবুজ-মেরুন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ অক্টোবর: ইন্ডিয়ান সুপার লিগে (ISL) অপ্রতিরোধ্য মোহনবাগান সুপার জায়ান্টরা (Mohun Bagan Super Giants)। শনিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে চেন্নাইয়িনকে (Chennaiyin FC) ৩-১ গোলে হারাল সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের হয়ে গোল করেছেন দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস ও মানবীর সিং। চেন্নাইয়িনের হয়ে একটি গোল শোধ করেন ক্রিভেলারো। জয়ের হ্যাটট্রিক করে লিগের শীর্ষ স্থান ধরে রাখলেন জুয়ান ফেরান্দোর ছেলেরা।

চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। সেই ছন্দ দেখা গেল শনিবারও। চেন্নাইয়ে চেন্নাইয়িনের বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলে জয় পেল কলকাতার অন্যতম প্রধান ক্লাব। খেলার ১৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন সাহাল। পেত্রাতোসের ফ্রিকিক থেকে বল পেয়ে গিয়েছিলেন তিনি। তবে বল লক্ষ্যে রাখতে পারেননি। তবে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি মোহনবাগানকে। ২২ মিনিটে পেত্রাতোসের গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। তবে গোলের ক্ষেত্রে অবদান ছিল সাহালের। বক্সের ডান প্রান্ত থেকে গোলের ঠিকানা লেখা ক্রস করেছিলেন তিনি। প্রথমার্ধের বাকি সময় একাধিক গোলের সুযোগ তৈরি ও নষ্ট করল মোহনবাগান। সাহাল বেশ কয়েকবার গোলের সামনে পৌঁছে গিয়েছিল। তবে গোলমুখ খুলতে পারেননি। একবার গোললাইন সেভও হয় চেন্নাইয়িন বক্সে। প্রথমার্ধের সংযুক্তি সময়ে বিপক্ষের ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান বাড়ান কামিংস।

আরও পড়ুন: ফার্গি টাইমে সুপার সাবের জোড়া গোলে জয়ে ফিরল ইউনাইটেড, জয় পেয়েছে চেলসিও

ঘরের মাঠে দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের মরিয়া চেষ্টা করতে থাকে চেন্নাইয়িন ফুটবলাররা। ৫৫ মিনিটে একটি গোল শোধও করে। রাফায়েল ক্রিভেলারোর ফ্রিকিক শুভাশিস বসুর পায়ে লেগে জড়িয়ে যায় জালে। যদিও গোলের উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি চেন্নাইয়ের দলের। ৫৬ মিনিটে ফের গোল হজম করে তারা। সাহালের ডিফেন্স চেঁড়া পাস থেকে বল জালে জড়ান মানবীর সিং। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। শেষের দিকে ব্যবধান বাড়ানোর আরও সুযোগ পেয়েছিল সবুজ মেরুন। গোলরক্ষককে অরক্ষিত পেয়েও কাজে লাগাতে পারেননি অনিরুদ্ধ থাপা। লিস্টন, পেত্রাতোসেরা গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করেন। কয়েকটি ভালো সেভ করেন চেন্নাই গোলরক্ষক সমিক মিত্র। পাল্টা আক্রমণ করলেও গোলের ব্যবধান কমাতে পারেনি চেন্নাই।

About Post Author