সময় কলকাতা ডেস্ক, ১১ অক্টোবরঃ পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় একযোগে চিরুনি তল্লাশি শুরু করেছে ইডি-সিবিআই। এসবের মাঝেই পুরনিয়োগ দুর্নীতির তদন্তের সূত্র ধরেই এবার রেশন দুর্নীতি নিয়ে তৎপর ইডি। বুধবার সাত সকালেই রানাঘাট, কৃষ্ণনগর, নদিয়ার শান্তিপুর, ধুবুলিয়া, বসিরহাটে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। পুরনিয়োগ দুর্নীতির তদন্তের সঙ্গে রেশন দুর্নীতিরও যোগসূত্র থাকতে পারে বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা। সেই সূত্র ধরেই এদিন নদিয়ার পাঁচটি জায়গায় তল্লাশি চালানো হয়। চালকল থেকে শুরু করে মুদিখানা দোকানেও হানা দেয় ইডি। সূত্র মারফত জানা গিয়েছে, শান্তিপুরের দুটি রাইস মিলে এবং হরিণঘাটার নিমতলা বাজারের একটি মিলে হানা দিয়েছেন তদন্তকারীরা। সেইসঙ্গে এদিন নদিয়ার কৃষ্ণনগরের একটি চালকলেও হানা দেন। এর পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর পুরসভার মল্লিক পাড়ার একটি মুদির দোকানেও হানা দেন তদন্তকারীরা। চলে জিজ্ঞাসাবাদও।

প্রসঙ্গত, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে পুজোর মুখে রাজ্যজুড়ে তেড়েফুঁড়ে নেমেছে ইডি-সিবিআই। প্রতিদিনই দিকে দিকে অভিযান শুরু করেছে তারা। রানাঘাট,উলুবেড়িয়ার, ডায়মন্ডহারবার, মধ্যমগ্রাম পুরসভার পর বুধবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে তলব করেছে ইডি। যদিও পুরনিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম থেকেই ইডির স্ক্যানারে ছিলেন নিতাই দত্ত। কেননা ২০১৪-২০১৮ সালের মধ্যে দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন দফতরে চাকরি বিক্রির অভিযোগ ওঠে। সে সময়ে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান সুজিত বসুর ঘনিষ্ঠ ছিলেন বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। কার্যত সেকারণেই ইডি-র নজরে ছিলেন নিতাইবাবু।
আরও পড়ুন পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানকে তলব ইডি-র

এর আগে গত বৃহস্পতিবারই নিতাই দত্তের বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। ওইদিন ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও। উদ্ধার হওয়া সেই নথির ভিত্তিতেই নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী অফিসাররা। এর আগে সোমবার সিবিআই আধিকারিকরা রানাঘাট পুরসভায় তল্লাশি চালান। সেইসঙ্গে রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতেও চলে তল্লাশি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও বিজেপি নেতার নাম জড়াল। সে দিক থেকে পার্থসারথির বাড়িতে সিবিআই হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, ২০১৪-১৮ সালের মধ্যে রানাঘাট পুরসভায় অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডর মাধ্যমেই একধিক পদে নিয়োগে দুর্নীতি হয়। আর ওই সময়ই রানাঘাট পুরসভার চেয়ারম্যান ছিলেন পার্থসারথী চট্টোপাধ্যায়ের। সেই মামলার তদন্তেই এদিন বিজেপি বিধায়কের অফিসে তল্লাশি চালান আধিকারিকরা।


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ