Home » পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানকে তলব ইডি-র

পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানকে তলব ইডি-র

সময় কলকাতা ডেস্ক, ১১ অক্টোবরঃ পুরনিয়োগ দুর্নীতির তদন্তে পুজোর মুখে রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ইডি-সিবিআই। প্রতিদিনই দিকে দিকে অভিযান শুরু করেছে তারা। রানাঘাট,উলুবেড়িয়ার, ডায়মন্ডহারবার, মধ্যমগ্রাম পুরসভার পর এবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে তলব করল ইডি। যদিও পুরনিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম থেকেই ইডির স্ক্যানারে ছিলেন নিতাই দত্ত। কেননা ২০১৪-২০১৮ সালের মধ্যে দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন দফতরে চাকরি বিক্রির অভিযোগ ওঠে। সে সময়ে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান সুজিত বসুর ঘনিষ্ঠ ছিলেন বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। কার্যত সেকারণেই ইডি-র নজরে ছিলেন নিতাইবাবু। এর আগে গত বৃহস্পতিবারই নিতাই দত্তের বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা।

ওইদিন ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও। উদ্ধার হওয়া সেই নথির ভিত্তিতেই নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী অফিসাররা। অন্যদিকে, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে বুধবার সকালেই রাজ্যের ১১টি জায়গায় হানা দিয়েছেন ইডি। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সূত্রের খবর, এদিন সাত সকালে রানাঘাট, কৃষ্ণনগর, নদিয়ার শান্তিপুর, ধুবুলিয়া, বসিরহাটে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় রবিবারই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই আধিকারিকরা। এদিন সকালবেলায় প্রায় সাত থেকে আটটি গাড়ি চেতলা অগ্রণীর পাশে অবস্থিত মন্ত্রীর ফ্ল্যাটে হানা দেন। প্রায় পাঁচ থেকে ছ’জন গোয়েন্দা আধিকারিক প্রবেশ করেন ফ্ল্যাটের ভিতরে। ফিরহাদ হাকিমের মোবাইল নিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি ফিরহাদের বাড়ির সামনে জমে থাকা ভিড়ের ভিডিওগ্রাফি করে রাখেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন    কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

এদিনই আবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পর কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই। মুহূর্তের মধ্যে মদন মিত্রের বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। এসবের মাঝেই সোমবার সিবিআই আধিকারিকরা রানাঘাট পুরসভায় তল্লাশি চালান। সেইসঙ্গে রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতেও চলে তল্লাশি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও বিজেপি নেতার নাম জড়াল। সে দিক থেকে পার্থসারথির বাড়িতে সিবিআই হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, ২০১৪-১৮ সালের মধ্যে রানাঘাট পুরসভায় অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডর মাধ্যমেই একধিক পদে নিয়োগে দুর্নীতি হয়। আর ওই সময়ই রানাঘাট পুরসভার চেয়ারম্যান ছিলেন পার্থসারথী চট্টোপাধ্যায়ের। সেই মামলার তদন্তেই এদিন বিজেপি বিধায়কের অফিসে তল্লাশি চালান আধিকারিকরা।

About Post Author