Home » ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ডাহা ফেল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বিপাকে অস্ট্রেলিয়া

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ডাহা ফেল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বিপাকে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ অক্টোবর: বিশ্বকাপে ফের ধাক্কা অস্ট্রেলিয়ার। ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও হার অজিদের। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪০.৫ ওভারে শেষ পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের অস্ট্রেলিয়ার ইনিংস। প্যাট কামিন্সদের ১৩৪ রানে হারিয়ে লিগ তালিকার একনম্বরে উঠে এল প্রোটিয়া শিবির।

হল টা কি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের? এর থেকে খারাপ শুরু বিশ্বকাপের ইতিহাসে আগে করেনি অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে লড়াই করে হেরেছিল। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ন্যূনতম সেই লড়াইটাও উধাও। লখনউয়ের একানা আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে বল করার ফায়দা তুলতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। সৌজন্যে কুইন্টন ডি ককের অনবদ্য শতরান। প্রথম উইকেটে বাভূমার সঙ্গে জুটিতে ১০৮ রান করেন কুইন্টন। ৫৫ বলে ৩৫ রান করে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তিন নম্বরে নেমে ৩০ বলে ২৬ রান করলেন ভ্যান দুসেন। দুসেন ফিরতে ইনিংসে গতি বাড়ে দক্ষিণ আফ্রিকার। ১০৬ বলে ১০৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন কুইন্টন। প্রথম ম্যাচের পর টানা দ্বিতীয় ম্যাচেও শতরান করলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার ইনিংসে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করলেন মার্করাম- ক্লাসেন জুটি। ৪৪ বলে ৫৬ রানের কার্যকরী ইনিংস খেলে আউট হন মার্করাম। ম্যাচে একাধিক সহজ ক্যাচ ফেললেন অস্ট্রেলিয়ার ফিল্ডাররা। ক্লাসেন করলেন ২৭ বলে ২৯ রান। ১৩ বলে ১৭ রান করলেন মিলার। শেষের দিকে ২২ বলে ২৬ রান করেন জ্যানসেন। দলগত প্রচেষ্টায় ৫০ ওভারে ৭ উইকেটে ৩১১ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে অক্সিজেন ভারতীয় শিবিরে

অতীত দিনের অস্ট্রেলিয়া হলে লড়াই করত। কিন্তু এই দলের মধ্যে লড়াই করার মানসিকতাই দেখা গেল না। রাবাডা, এঙ্গিডি, মহারাজের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। মিডল অর্ডারে লাবুশেনের ৪৬ রান। এবং লোয়ার অর্ডারে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স দলকে সৌজন্যে লজ্জার হারের হাত থেকে বাঁচান। স্টার্ক ২৭ রান ও কামিন্স ২২ রান করেন। ৪০.৫ ওভারে ১৭৭ রানেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের ফলে বেশ বেকায়দায় পড়ে গেল অস্ট্রেলিয়া।

 

About Post Author