Home » বিশ্বকাপে ভারতের অস্বস্তি বাড়াচ্ছে হার্দিকের চোট, কবে দলে ফিরবেন ভারতের তারকা অলরাউন্ডার

বিশ্বকাপে ভারতের অস্বস্তি বাড়াচ্ছে হার্দিকের চোট, কবে দলে ফিরবেন ভারতের তারকা অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ অক্টোবর: চলতি বিশ্বকাপে তড়তড়িয়ে ছুটছে ভারতের বিজয়রথ। টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। রবিবার অপ্রতিরোধ্য ভারতের সামনে ইংল্যান্ড। লখনউতে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন বিরুদ্ধে খেলবে মেন ইন ব্লু। ৫ ম্যাচে ১০ পয়েন্ট ঝুলিতে ভরেও স্বস্তিতে নেই ভারতীয় শিবির। কারণ, দলের অস্বস্তি বাড়াচ্ছে ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট। বাংলাদেশ ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান তিনি। চোটের কারণে গত নিউজিল্যান্ড ম্যাচে হার্দিকের পরিষেবা পায়নি দল।

ভারতের সহঅধিনায়কের চোট নিয়ে উদ্বিগ্ন দলের সতীর্থ থেকে সমর্থকরা। কারণ, ব্যাট, বল, ফিল্ডিং তিন বিভাগেই দল হার্দিকের উপর নির্ভরশীল। বিশ্বকাপের মত বড় আসরে তাঁর মাঠের বাইরে থাকা দলের জন্য মোটেও সুখবর নয়। বোর্ডের সূত্র মারফত ইঙ্গিত মিলেছিল ইংল্যান্ড ম্যাচেও খেলবেন না হার্দিক। এবার সর্বভারতীয় সংবাদপত্র দাবি করেছে, লিগামেন্টে চোট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আপাতত রয়েছেন তিনি। হার্দিকের গোড়ালিতে গ্রেড ১ লিগামেন্ট টিয়ার হয়েছে বলে জানিয়েছিল বিসিসিআইয়ের এক সূত্র। তাঁকে নিয়ে যে টিম ম্যানেজমেন্ট কোনওরকম তাড়াহুড়ো করতে চায় না তাও স্পষ্ট করা হয়েছিল।

আরও পড়ুন    ম্যাক্সওয়েল ওয়ার্নারের জোড়া সেঞ্চুরি, ডাচদের বিরুদ্ধে রেকর্ড জয় অজিদের

বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে হার্দিক পান্ডিয়া নীতিন প্যাটেলের অধীনে মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছে। প্রথমে তাঁর চোটটি সামান্য বলে মনে হয়েছিল। এখন চোটের অবস্থা গুরুতর মনে হচ্ছে। সম্ভবত তাঁর একটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। যা সেরে উঠতে কমপক্ষে সময় লাগবে দু’সপ্তাহ। মেডিকেল টিম তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে। তবে, এখনই তাঁর বদলি হিসেবে দলে কাউকে নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। বিসিসিআইয় সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহ অবধি হার্দিকের জন্য অপেক্ষা করবে টিম।মনে করা হচ্ছে আগামী তিনটি ম্যাচে তাঁর পরিষেবা পাবেনা দল। তারপর হার্দিকের শারীরিক অবস্থা দেখে বাকি টুর্নামেন্টে তাঁর খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন হার্দিকের অনুরাগীরা।

About Post Author