Home » রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুরের বসিরহাটের বাদুড়িয়ায় বিপুল সম্পত্তির হদিস

রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুরের বসিরহাটের বাদুড়িয়ায় বিপুল সম্পত্তির হদিস

সময় কলকাতা ডেস্ক, ২৯ অক্টোবর: রেশন দুর্নীতি কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বাকিবুরের বিপুল সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়ক গাছ ইডির। জানা গিয়েছে বাকিবুরের জমির পরিমাণ দেড় হাজার কাঠারও বেশি। এছাড়াও সাড়ে সাত হাজার বর্গফুট আয়তনের ১০টি ফ্ল্যাটও রয়েছে তার। এমনকী বিদেশেও রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট। এসবের মাঝেই এবার বসিরহাটের বাদুড়িয়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ায় বাকিবুর রহমানের ২১০ কাঠা জমির হদিশ পাওয়া গেল। এলাকাবাসীদের দাবি, কম পয়সায় এই জমি পুর নাগরিকদের কাছ থেকে লিখে নেওয়া হয়েছিল বেশ কিছু বছর আগে। সেখানে একটি ধানের গোডাউন তৈরি হয়েছিল। যদিও বেশ কয়েক মাস বন্ধ আছে সেটি। এই গোডাউনের মালিক কে? কেউ কেউ বলছেন এই জমি বাকিবুর রহমানের। এখনও পর্যন্ত তা স্থানীয়দের কাছে অজানা। যদিও এটা যে বাকিবুরের বেআইনি সম্পত্তি এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কোন উপযুক্ত নথি দেখাতে পারিনি।

আরও পড়ুন   রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুরের প্রযোজিত ছবিতে অভিনয় করেছিলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

এলাকাবাসীদের অভিযোগ, বেশ কয়েক বছর আগে জোরপূর্বক তাদের কাছ থেকে জমি লিখিয়ে নেওয়া হয়। প্রভাবশালী হওয়ায় তাকে কোনো কথা বলতে পারিনি এলাকাবাসীরা। এই বেআইনি জমির এক সময়ের মালিক রিতা ঠাকুর জানিয়েছেন, ‘আমাদের ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে এই জমি দখল করা হয়েছিল।’ বেশ কয়েকবার বাকিবুরকে এই গোডাউনে আসতেও দেখে এলাকাবাসীরা। যদিও রেশন দুর্নীতির তদন্তে নেমে ইতিমধ্যেই বেশকিছু তথ্য জোগাড় করেছে ইডি। সূত্রের খবর, রেশন দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য সিনেমা প্রযোজনা করেছিলেন বাকিবুর রহমান। সেই সিনেমায় অভিনয় করেছিলেন পার্থ ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। যিনি কিনা গত দেড় বছর ধরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেল বন্দি হয়ে রয়েছে।

জানা গিয়েছে, ২০২২ এর ঠিক পুজোর আগে পার্থ ঘনিষ্ঠ এই বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট গিয়ে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি আধিকারিকরা। তাহলে সত্যিই কি নিয়োগ দুর্নীতির সঙ্গে রেশন দুর্নীতিকাণ্ডের যোগসূত্র রয়েছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। প্রসঙ্গত, রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের প্রযোজনায় ২০১৪ সালে তৈরি হয় বাংলা সিনেমা ‘ম্যানগ্রোভ’। এই সিনেমাতে অভিনয় করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। যিনি এখন প্রেসিডেন্সি জেলে বন্দি। এই ছবিতে অর্পিতা ছাড়াও অভিনয় করেছেন, দোলন রায়, নাইজেল ও মুম্বইয়ের রাখি সাওয়ান্ত। রেশন দুর্নীতির মোটা টাকা সিনেমা প্রযোজনার জন্য বিনিয়োগ করেছিলেন রাকিবুর। সুন্দরবনের নোনা জলে বেড়ে ওঠে ম্যানগ্রোভ। এই সিনেমায় তুলে ধরা হয়েছে ম্যানগ্রোভের বেঁচে থাকার কঠিন লড়াইয়ের মত লড়াই করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সিনেমা তৈরি করতে যে একটা বড় ধরনের বিনিয়োগ করতে হয়েছে তাতে কোন সন্দেহ নেই। বিশেষ করে রাখি সাবন্তের মত শিল্পীকে অভিনয় করানো হয়েছে এই সিনেমায়।

About Post Author