সময় কলকাতা ডেস্ক, ১ নভেম্বর: পুর নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ইডি-সিবিআই। প্রতিদিনই দিকে দিকে অভিযান শুরু করেছে তারা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ফের ইডি দফতরে হাজিরা দিলেন কামারহাটি পুরসভার চিফ ইঞ্জিনিয়ার তমাল দত্ত। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবারই তিনি হাজিরা দিয়েছিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। এদিন বেশ কিছু নথি নিয়ে ফের আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতির তদন্তে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন।
আরও পড়ুন রেশন দুর্নীতি মামলায় এবার ইডির নজরে খাদ্য দফতরের অফিসাররা
কামারহাটি পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকেই রাজ্যের একাধিক পুরসভায় হানা দিচ্ছে ইডি। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি পুরসভাকে নোটিস পাঠিয়েছিল ইডি। রাজ্যের ওই ১২টি পুরসভার কাছেই ২০১৪ সাল থেকে কবে, কোথায়, কাকে নিয়োগ করা হয়েছে, সেই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানতে চাওয়া হয়েছিল। এদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সোমবারের পর মঙ্গলেও ইডি দফতরে হাজিরা দিয়েছেন আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। এদিন সিজিও কমপ্লেক্সে আইএএস কর্তা পৌঁছনোর কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছন দক্ষিণ দমদমের প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ও। দু’জনকেই পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই ইডি সূত্রে খবর। সোমবারই পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তলব করা হয় জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে।

ইতিমধ্যেই জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে এমন কিছু নথি তদন্তকারীরা পেয়েছেন, যা এই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে বলেই ইডি সূত্রে খবর। কার্যত সেকারণেই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। ইডির তলবে সাড়া দিয়ে সোমবার একাধিক নথি নিয়ে হাজিরাও দেন তিনি। এদিন তাঁকে দু’দফায় প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ইডি অফিস থেকে বেরিয়ে আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় বলেন, ‘কিছু বলার নেই।’ জানা গিয়েছে, ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরে ছিলেন এই জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। তিনি ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবি-এর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ডিরেক্টর হিসাবে নিযুক্ত হন। এই ডিএলবি পুরনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পুরনিয়োগের ক্ষেত্রে কারা বরাত পাবেন, সেদিকটাও ডিএলবিই দেখে।


More Stories
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন
জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ও সন্দেহভাজনদের আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস