Home » রেশন দুর্নীতি মামলায় এবার ইডির নজরে খাদ্য দফতরের অফিসাররা

রেশন দুর্নীতি মামলায় এবার ইডির নজরে খাদ্য দফতরের অফিসাররা

সময় কলকাতা ডেস্ক, ১ নভেম্বর: রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন দুর্নীতি মামলায় গত শুক্রবারই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতারির পর বনমন্ত্রীর ১৬ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি। ইতিমধ্যেই প্রায় ৮০ জন রেশন ডিলার এবং চালকল মালিকের একটি তালিকা তৈরি করেছে ইডি। সূত্রের খবর, খুব শীঘ্রই ওই তালিকা ধরে শুরু হবে তল্লাশি অভিযান। রেশন দুর্নীতির তদন্তে এবার ইডির নজরে খাদ্য দফতরের অফিসাররা। সূত্রের খবর, বনমন্ত্রীর প্রাক্তন এবং বর্তমান আপ্ত সহায়কদের জিজ্ঞাসাবাদ করেই এই সকল অফিসারদের নাম পেয়েছে ইডি। কোন কোন অফিসার ও আমলা প্রাক্তন খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ছিল, সেই তালিকা তৈরি করা শুরু করেছেন ইডি আধিকারিকরা। এর পাশাপাশি যে সব অফিসারদের স্ট্যাম্প মিলেছে বাকিবুর রহমানের অফিসে, সেই পদে কবে,কারা দায়িত্বে ছিলেন সেই তালিকাও প্রস্তুত করা হচ্ছে। ওই সকল অফিসার ও তাঁদের পরিবারের সম্পত্তি এবং আয়ের উৎস জানতেই তদন্ত শুরু করেছে ইডি।

আরও পড়ুন   স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন চন্দ্রবাবু নাইডু

রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বাকিবুরের বিপুল সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ ইডির আধিকারিকদের। এই সম্পত্তির বেশিরভাগটাই রয়েছে উত্তর ২৪ পরগনা এবং বহরমপুরে। এমনকী বিদেশেও রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট। এবার রেশন দুর্নীতির তদন্তে নেমে আরও তথ্য জোগাড় করল ইডি। এবার ইডির স্ক্যানারে এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যরা। চালকল বা আটাকল থেকে সামগ্রী কেনার পর ডিস্ট্রিবিউটরের মাধ্যমে তা এমআর ডিলার বা রেশন দোকানে পৌঁছয়। রেশনের আটা প্যাকেটে প্রতি কেজিতে বাকিবুর রহমান ৫ টাকা করে কমিশন পেতেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই টাকার সঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোনও লেনদেন আছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের নতুন গোডাউনের হদিশ মিলেছে।

প্রায় চার বিঘা জমির উপর একদম নতুন গোডাউন এটি। চার বিঘা জমির বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা বলেই মত স্থানীয়দের। নীল সাদা রং-এ সাজানো এই গোডাউনটির ব্যবহার এখনও শুরু হয়নি। মূলত বসিরহাট মহকুমায় চাল কল গড়ে বাম আমলে উত্থান হয় বাকিবুর রহমানের। বাম আমলে উত্তর ২৪ পরগনার জেলা সদর শহরের এক ফরওয়ার্ড ব্লক নেতার স্নেহধন্য হলেন বাকিবুর রহমান। রেশন দুর্নীতি সামনে আসতেই প্রকাশ্যে আসতে শুরু করে ব্যবসায়ী বাকিবুরের নানান সম্পত্তির হদিশ। তারই একটি হল বাদুড়িয়ার যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের আগাপুরে এই গোডাউন। পুরোপুরি গোডাউনে কাজ শুরু না হলেও বেড়াচাঁপা ও বাদুড়িয়া রোডের পাশেই ঝা চকচকে বিল্ডিং রীতিমতো নজর কেড়েছে গ্রামবাসীদের। জানা গিয়েছে, গোডাউনে দুজন কেয়ারটেকারও আছেন।

About Post Author