স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ ডিসেম্বর: এএফসি কাপে এই দলের বিরুদ্ধে হেরেছিল মোহনবাগান। শুধু হার নয় পাঁচ পাঁচটি গোল হজম করতে হয়েছিল গতবারের আইএসএল জয়ীদের। ঘরে বাইরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল মোহন কোচ জুয়ান ফেরান্দোকে। মাত্র ১০ দিনের ব্যবধান। ফের সামনে ওড়িশা এফসি। এবার আইএসএলে মুখোমুখি হতে চলেছে দুই দল। এএফসি কাপে হারের বদলা কি আইএসএলে নিতে পারবে মোহনবাগান? ওড়িশার বিরুদ্ধে নামার আগে মোহন ফুটবলাররা বদলার কথা বললেও, অন্য কথা বলছেন মোহন কোচ।

বুধবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনের আগে ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন মোহন কোচ। তিনি বলেছেন “আমরা ওড়িশার বিরুদ্ধে বদলার কথা ভাবছি না। বাকি ম্যাচগুলির মত এটিও আমাদের কাছে আর একটা ম্যাচ। সেটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলেছি। রবিবার শহরে ফিরেছি। এর মধ্যে বিশ্রাম পেয়েছি মাত্র দু’দিন। এখনও আইএসএলে ২২টা ম্যাচ বাকি রয়েছে আমাদের। ওই ম্যাচগুলিতে ধারাবাহিকতা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। খেলায় জেতা-হারা থাকবেই। অতীতের বদল সম্ভব নয়। এই মূহুর্তে আমাদের লক্ষ্য ভালো খেলা এবং ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়া।”

গত ম্যাচের প্রথম একাদশ অপরির্তন রাখার ইঙ্গিত দিয়েছেন মোহন কোচ। তিনি বলেছেন, “প্রথম একাদশে বিশাল পরিবর্তন দরকার নেই। বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে হবে। জায়গা তৈরি করতে হবে। এর চেয়ে বেশি কিছু করার প্রয়োজন নেই। ঘরের ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ।” ঘরের মাঠে কি জয়ের জন্য অলআউট ঝাঁপাবে মোহনবাগান। এই প্রশ্নের উত্তরে ফেরান্দো বলেছেন, “ঘরের মাঠে ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। তবে অলআউট আক্রমণাত্মক ফুটবল খেলব না। রক্ষণ সামলিয়ে তবেই আক্রমণ করব। আমরা পুরো তিন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে চাই।”

আরও পড়ুন: অনুষ্টুপের দুরন্ত শতরান, পঞ্জাবকে হারিয়ে বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টারে বাংলা
ইন্ডিয়ান সুপার লিগে অল-উইন রেকর্ড ধরে রেখেছে মোহনবাগান। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে ম্যাচ কম খেলায় লিগ তালিকার তিন নম্বরে রয়েছে সবুজ মেরুন। অন্য দিকে, ৭ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে ওড়িশা এফসি। তাদের অবস্থান তালিকার চার নম্বরে। দুরন্ত ফর্মে রয়েছেন রয় কৃষ্ণা, আহমেদ জাহুরা। বিপক্ষকে নিয়ে সমীহ করলেও, নিজের দলের উপর আত্মবিশ্বাসী বাগান কোচ হুয়ান ফেরান্দো।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান