Home » Uefa Champions League: পিছিয়ে পড়েও দুরন্ত জয়, গ্রুপের শীর্ষে থেকে নকআউটে রিয়াল মাদ্রিদ

Uefa Champions League: পিছিয়ে পড়েও দুরন্ত জয়, গ্রুপের শীর্ষে থেকে নকআউটে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ ডিসেম্বর: প্রথমে পিছিয়ে পড়েও ম্যাচ জিততে যে তাদের জুরি মেলা ভার। ফের একবার তা প্রমাণ করল রিয়াল মাদ্রিদ। টানটান ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ৩-২ গোলে হারাল কার্লো আন্সেলোত্তির ছেলেরা। যদিও প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ০-১ গোলে পিছিয়ে পড়েছিল তারা। দ্বিতীয়ার্ধে রিয়ালের হয়ে সমতা ফেরান জোসেলু। তার জোড়া গোলে ম্যাচে এগিয়ে গিয়েছিল রিয়াল। সেই গোলও শোধ করে দেয় বার্লিন। নির্ধারিত সময়ের এক মিনিট আগে স্পেনের ক্লাবটির জয় নিশ্চিত করেন ডানি সেবায়োস। গ্রুপের ৬ টি ম্যাচে ৬ টি জিতে গ্রুপের শীর্ষে থেকে নকআউটে পৌঁছে গেলেন জুড বেলিংহামরা।  

পাঁচ ম্যাচের পাঁচটি জিতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে আগেই পৌঁছে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। গ্রুপের শীর্ষস্থানে থাকা নিয়েও কোনও সংশয় ছিল না। ফলে বুধবার রাতে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ম্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার। যদিও এই ম্যাচকেও যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন রিয়ালের কোচ ফুটবলাররা। ম্যাচের শুরু থেকে নিজেদের আধিপত্য বিস্তার করে স্পেনের ক্লাবটি। প্রথমার্ধের ৪৪ মিনিটে গোলের সহজতম সুযোগটিও পেয়ে যায় তারা। বক্সের মধ্যে হাতে বল লাগে বার্লিনের এক ডিফেন্ডারের। রিয়ালকে পেনাল্টি দেন রেফারি। যদিও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ। উল্টে বিরতিতে যাওয়ার আগে গোল পেয়ে যায় আয়োজক দলটি। কেভিন ভোল্যান্ডের করা গোলে এগিয়ে যায় তারা।

আরও পড়ুন: SOUTHAFRICA-INDIA: কাজে এল না রিঙ্কু-সূর্যর অর্ধশতরান, হার দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু ভারতের

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধ করার আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন রিয়ালের ফুটবলাররা। প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৬১ মিনিট পর্যন্ত। রড্রিগোর ক্রস থেকে খেলায় সমতা ফেরান জোসেলু। ৭২ মিনিটে দলকে এগিয়েও দিয়েছিলেন তিনি। এবার গার্সিয়ার ক্রস থেকে গোল করেন স্পেনের এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে নাটকীয়ভাবে বার্লিনকে সমতায় ফেরান অ্যালেক্স কার্ল। অনবদ্য শটে লক্ষ্যভেদ করেন তিনি। খেলায় পিছিয়ে পড়ে প্রত্যাবর্তন করার অভ্যাস রয়েছে রিয়ালের। তারই প্রতিফলন দেখা গেল বুধবার। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে জয়সূচক গোলের দেখা পায় রিয়াল। বেলিংহামের বাড়ানো পাস থেকে সেই গোলটি করেন ডানি সেবায়োস। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ৩-২ গোলে জিতেই মাঠ ছাড়ল কার্লো আন্সেলোত্তির ছেলেরা।

About Post Author