Home » Andre Russel: রাসেল-মেনিয়ায় বিধ্বস্ত ইংল্যান্ড, গম্ভীর শাহরুখের জন্য স্বস্তির খবর

Andre Russel: রাসেল-মেনিয়ায় বিধ্বস্ত ইংল্যান্ড, গম্ভীর শাহরুখের জন্য স্বস্তির খবর

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ ডিসেম্বর: ভিনি, ভিডি, ভিসি-লাটিন এই তিনটি শব্দের মানে এলাম, দেখলাম, জয় করলাম। জাতীয় দলে আন্দ্রে রাসেলের (Andre Russel) প্রত্যাবর্তনকে এর থেকে বেশী আর কিছু বলা যায় না। দু’বছর পর জাতীয় দলে ফিরেই ফের নিজের জাত চেনালেন ‘দ্রা রাস’। প্রথমে বল হাতে তারপর ব্যাট হাতে ঝড় তুললেন কলকাতা নাইট রাইডার্স তারকা। আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে শাহরুখ খানের দল যাদের ধরে রেখেছে, তার মধ্যে অন্যতম রাসেল। ক্রিকেটের মূলস্রোত থেকে হারিয়ে যেতে বসা রাসেলকে দলে রাখা নিয়ে বিস্তর সমালোচনা সইতে হয়েছে কেকেআর ম্যানেজমেন্টকে। সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য বার্বাডোজের ২২ গজকেই বেছে নিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্রশ্ন উঠেছিল সেদেশের ক্রিকেট ভবিষ্যত নিয়ে। তবে চলতি ইংল্যান্ড সিরিজে স্বমহিমায় পাওয়া যাচ্ছে ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েডদের দেশকে। ঘরের মাটিতে তিন ম্যাচের একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছেন পাওয়েলরা। সেই জয়ের ধারা বজায় থাকল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। বার্বাডোজে টসে জিতে ইংরেজদের প্রথম ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলারের সৌজন্যে শুরুটা বেশ আক্রমণাত্মক করে ইংল্যান্ড। পাওয়ার প্লে-তে প্রতি ওভারে ১২ রান করে তুলছিলেন দুই ওপেনার। সেই পরিস্থিতি থেকে ওয়েস্ট ইন্ডিজকে খেলায় ফেরান আন্দ্রে রাসেল। ৭৭ রানের ওপেনিং জুটি ভাঙেন দ্রা রাস। ফেরান সল্টকে। ২০ বলে ৪০ রান করে আউট হন তিনি। দলের অধিনায়ক জস বাটলারের অবদান ৩৯ রান। ওপেনিং ভিত মজবুত হলেও ২০০ রানের গণ্ডি পেরোনো হয়নি ইংল্যান্ডের। আকিল হুসেন, আলজেরি জোসেফ, রোমারিও শেপার্ডদের সামনে দ্রুত ভেঙে পড়ে তাদের ব্যাটিং অর্ডার। ভয়ঙ্কর হয়ে ওঠা লিয়াম লিভিংস্টোনকেও ফেরান রাসেল। ১৯ বলে ২৭ রানে আউট হন লিভিংস্টোন। পর পর উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারের আগে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। রাসেল ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ৫৪ রান খরচ করে ৩ টি উইকেট পান আলজেরি জোসেফ।

আরও পড়ুন: SOUTHAFRICA-INDIA: কাজে এল না রিঙ্কু-সূর্যর অর্ধশতরান, হার দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু ভারতের

১৭২ রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি ওয়েস্ট ইন্ডিজ। দ্রুত রান তুলতে গিয়ে জলদি আউট হন ব্র্যান্ডন কিং। ১২ বলে ২২ রান করেন তিনি। মারেন ২ টি চার ও ২ টি ছয়। আর এক ওপেনার কাইল মায়ার্স করেন ২১ বলে ৩৫ রান। একটিও চার না মারলেও ৪ টি ছয় মারেন মায়ার্স। শুরুটা ভালো করেও দলকে আস্থা জোগাতে ব্যর্থ হন নিকোলাস পুরান। ১২ বলে ১৩ রান করেন পুরান। পরের ওভারেই হেটমায়ারের উইকেট হারায় ইন্ডিজ শিবির। এক প্রান্তে লড়াই করতে থাকা সাই হোপ ফেরেন ৩০ বলে ৩৬ রানে। পরের বলে রোমারিও শেপার্ড আউট হন রানের খাতা না খুলে। তখনও দলের দরকার ছিল ৫ ওভারে ৫০ রান। সেই পরিস্থিতিতে দলের হাল ধরেন অধিনায়ক পাওয়েল ও রাসেল। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। পাওয়েল ১৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে ২ টি চার ও ৩ টি ছয়। রাসেল অপরাজিত থাকেন ১৪ বলে ২৯ রানে। ২ টি করে চার ও ছয় মারেন নাইট রাইডার্স তারকা।

 

About Post Author