সময় কলকাতা ডেস্ক,২১ ডিসেম্বর : এবারের আইএসএলে মোহনবাগানের প্রথম হার, অপরাজিত থেকে গেল মুম্বাই সিটি এফসি। আগের ম্যাচ ইস্টবেঙ্গলের সঙ্গে গোলশূন্য ড্র করলেও মোহনবাগান সুপার জায়েন্ট কে ২-১ গোলে হারিয়ে দিল মুম্বাই সিটি এফসি। একথা উল্লেখ্য মুম্বাই সিটি বরাবরই আইএসএলে মোহনবাগানের গাঁট। এদিন মুম্বাই সিটি এফসির বিপিন সিং এ ম্যাচের নায়ক ছিলেন- স্টুয়ার্টকে দিয়ে একটি গোল তিনি করান, অন্য একটি গোল নিজে করেন। মোহনবাগানের একমাত্র গোলটি অজি স্ট্রাইকার জেসন কামিংসের। তবে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বিপিনকে ছাড়িয়ে যান রেফারি রাহুল গুপ্তা । তাঁর সৌজন্যে বুধবার মুম্বাই বনাম মোহনবাগানের খেলা লাল কার্ডের বন্যায় ভেসে গেল । রেফারি রাহুল গুপ্তা অতিমাত্রায় কঠোর হয়ে ওঠায় খেলার মধ্যেই চারজন খেলোয়াড়কে লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয়। এরা হলেন মুম্বাই এফসির আকাশ মিশ্র ও স্টুয়ার্ট এবং মোহনবাগানের আশিস রাই এবং লিস্টন কোলাসো। খেলা শেষ হওয়ার মাত্রই মাঠের মধ্যে সংঘর্ষে জড়ান মোহনবাগান ও মুম্বাইয়ের খেলোয়াড় ও স্পোর্টস স্টাফেরা। প্রথমে মনে হয়েছিল, রেফারি একমাত্র মুম্বাইয়ের বিক্রম সিং কেই খেলার পরে লাল কার্ড দেখান। কিন্তু পরে জানা যায়, মোহনবাগানের ইউস্তে এবং মুম্বাইয়ের রাহুল ভেকেও লাল কার্ড দেখেন। ফলে সব মিলিয়ে সাতজন লাল কার্ড দেখেন। এই ঘটনা আইএসএলে নজিরবিহীন।
খেলা সেয়ানে সেয়ানে শুরু হলেও খেলা শুরুর ১২ মিনিটের মধ্যেই মোহনবাগানের মনবীর সিংয়ের কোমরে পা তুলে আকাশ মিশ্র ম্যাচের প্রথম লাল কার্ড দেখেন। এর কিছুক্ষন পরেই ম্যাচের ২৫ মিনিটের মাথায় লিস্টন কোলাসোর সেন্টারে চমৎকার প্লেসিং করে গোল করে যান জেসন কামিংস। একজন খেলোয়াড় কম নিয়েও হাল ছাড়ে নি মুম্বাই। অবশেষে প্রথমার্ধের একেবারে শেষ দিকে সমতায় ফেরে মুম্বাই সিটি । বিপিনের ভাসানো বল থেকে হেড করে গোল করে যান স্টুয়ার্ট। দ্বিতীয়ার্ধে বিপিন সিংয়ের গোল নির্ণায়ক হয়ে উঠলেও মোহনবাগান শেষ দিকে আক্রমণে ঝাঁজ বাড়ায়। ডিফেন্ডার ও গোলরক্ষকের দৃঢ়তায় সমতায় ফিরতে পারিনি মোহনবাগান। কিন্তু এর মধ্যেই আরও বেশ কয়েকটি লাল কার্ড রেফারি বুক পকেট থেকে বের করেন। ম্যাচের ৫৫ মিনিটে আশিসকে ডিরেক্ট লাল কার্ড দেখানো হয় বিপজ্জনক ফাউলের জন্য । অতঃপর রাফ ট্যাকল করায় শুভাশিস বসুকে হলুদ কার্ড দেখানো হলে এই ঘটনার রেশ ধরে রেফারির সঙ্গে তর্ক করতে করতে লিস্টন কোলাসো রেফারির দিকে তেড়ে গেলে তাকে লাল কার্ড দেখান রেফারি। অনিরুদ্ধ থাপার সামান্য টোকায় প্লে অ্যাক্টিং করায় ৮৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় স্টুয়ার্টকে। আর ম্যাচ শেষ মাঠ ছোটখাটো রণক্ষেত্রের চেহারা নেয়। এই সময় রেফারি ভেকে, বিক্রম এবং ইউস্তেকে কার্ড দেখান। এই ম্যাচ জিতে ৯ খেলায় ১৯ পয়েন্ট পেয়ে চার নম্বরে উঠে এল মুম্বাই, অন্যদিকে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে থেকে গেল মোহনবাগান সুপার জায়েন্ট।।


More Stories
অবশেষে গ্রেফতার অভিষেক
পুলিশকে অ্যারেস্ট করে বারাসাতে জিতল মহামেডান
অস্ট্রেলিয়ায় ৫৪ রানে খতম বাংলাদেশ, ইনিংসে হার, অখ্যাত তরুণের ৮ উইকেট