স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ ডিসেম্বর: ১৯১১ সালে ব্রিটিশদের হারিয়ে ঐতিহাসিক শিল্ড জিতেছিল মোহনবাগান। সেই দিনটিকে স্মরণীয় করে রাখত ২৯ শে জুলাই মোহনবাগান দিবস হিসেবে পালিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তা সত্বেও একটি অপ্রাপ্তি রয়ে গিয়েছিল মোহন জনতার মনে। কারণ সেই ঐতিহাসিক ম্যাচের নায়কদের কোনও মূর্তি ছিল না ক্লাবে। এবার সেই আক্ষেপ মিটল তাদের। কারণ বৃহস্পতিবার সন্ধ্যায় মোহনবাগান তাঁবুতে মূর্তি উন্মোচন হল অমর একাদশের। গঙ্গাপারের ক্লাব তাঁবুতে স্থায়ী জায়গা পেলেন শিবদাস-বিজয়দাসরা। আর মূর্তি উন্মোচনের অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদের হাঁট বসেছিল সবুজ মেরুন তাঁবুতে।
আরও পড়ুন ডিএ বৃদ্ধির পরদিনই নবান্নের সামনে বিক্ষোভ আন্দোলনকারীদের, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকার, প্রদীপ চৌধুরি, মানস ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায়-সহ বহু প্রাক্তন ফুটবলার উপস্থিত ছিলেন। এসেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, গায়িকা লোপামুদ্রা মিত্র এবং লেখিকা দেবারতি মুখোপাধ্যায়ও। এছাড়াও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমর একদশের পরিবারের সদস্যরাও। মোহনবাগানের পক্ষ থেকে এ দিন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয় নতুন সদস্য কার্ড।

এই অনুষ্ঠানে অতীতে নিজের খেলা দেখা, খেলাধুলোর মান এবং প্রশাসনিক বিষয়-সহ বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি খেলোয়াড়দের বেশি করে প্রশাসনে আসার পক্ষেও সওয়াল করেন বাংলার মহারাজ।
তিনি বলেন, “খেলাধুলা তখন এগোবে যখন প্রাক্তনরা তার সঙ্গে যুক্ত হবেন।” অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ভারতীয় ফুটবলের স্বার্থে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে আইএসএল থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন তিনি। যদিও তাঁর এই বক্তব্যকে সমর্থন করেননি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ক্লাব সচিব দেবাশিস দত্ত। মোহনবাগান ক্লাবের সচিব, “ক্রীড়ামন্ত্রী আইএফএকে বার্তা দিলেন যে কলকাতা লিগটা ভালো করে করার জন্য। তাহলে বাংলার ফুটবলের উন্নতি হব।” ক্রীড়ামন্ত্রী বক্তব্যকে সমর্থন না করে সৌরভ বলেন, “বড় ছোট কেউ নয়। আইএসএলও যেরকম বড় নয়, তেমনই ময়দানের ফুটবলও ছোট নয়। ফুটবল থাকবে ফুটবলের জায়গাতেই। আসল হচ্ছে ফুটবলটাই।” সব মিলিয়ে একটা জমজমাট সন্ধ্যার সাক্ষী থাকল মোহন জনতা।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের