সময় কলকাতা ডেস্ক, ২২ ডিসেম্বর : হতে পারে আর্শদীপ সিং দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে শেষ ম্যাচেও জ্বলে উঠে ৩০ রানে ৪ উইকেট নিলেন, হতে পারে আর্শদীপ তিন ম্যাচের সিরিজের দশ উইকেট নিয়ে নির্ণায়ক ভূমিকা নিলেন, ১১৪ বলে ১০৮ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে জয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সঞ্জু স্যামসন কিন্তু অস্বীকার করার উপায় নেই অধিনায়ক কে এল রাহুলের হাত ধরে এল জয়। তিনি উইকেটের পেছনে দাঁড়িয়ে দারুনভাবে দল পরিচালনা করলেন, সঠিকভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলেন কারণ তাঁর নেওয়া প্রতিটি সিদ্ধান্ত কার্যকরী হয়ে উঠল আর তাই পার্লে একদিনের সিরিজের শেষ ম্যাচে ৭৮ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২-১ ম্যাচে সিরিজ জিতে নিল ভারত। কে এল রাহুল ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে। কে এল রাহুল দ্বিতীয় ভারতীয় অধিনায়ক যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে জয়লাভ করলেন।
কে এল রাহুল ব্যাট হাতে ২১ রান করার পরে কিছুটা দুর্ভাগ্যের শিকার হয়ে কট বিহাইন্ড হন। কিন্তু সঞ্জু -তিলক – রিঙ্কুদের দায়িত্বশীল ব্যাটিংয়ের ফলশ্রুতি হিসেবে ভারত ৮ উইকেটে ২৯৬ রান তোলে। পাল্টা ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার হয়ে ডি জর্জি এবং অধিনায়ক মার্করাম একসময় জয়ের আশা জাগালেও বোলিংয়ে আর্শদীপ ও ওয়াসিংটন সুন্দর দক্ষিণ আফ্রিকার সফল দুই ব্যাটারকে ফেরাতেই দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভাঙ্গন ধরে। এরপর মুকেশ কুমার মিলারকে ফেরত পাঠাতেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার আশা। ক্যাচটি উইকেটের পেছনে তালুবন্দি করেন রাহুল। এদিন কে এল রাহুলের নেওয়া একটি রিভিউও বৃথা যায় নি। ডি জর্জির ক্ষেত্রে নেওয়া রিভিউ যে এই ম্যাচ এবং এই সিরিজের অন্যতম টার্নিং পয়েন্ট তা বলাই বাহুল্য। টি টোয়েন্টি ও একদিনের সিরিজে দ্বিতীয় দল নিয়ে ভারত দুর্দান্ত ফল করলেও আসল পরীক্ষা নতুন বছরে টেস্ট সিরিজে। দক্ষিণ আফ্রিকায় এখনও পর্যন্ত ভারত টেস্ট সিরিজ জিতে ফেরেনি। নতুন ইতিহাসের আশায় রোহিত শর্মার ভারতীয় দলের দিকে তাকিয়ে থাকছে ক্রিকেটপ্রেমী ভারত।।
আরও পড়ুন রেফারি রাহুল গুপ্তা : নায়ক নাকি খলনায়ক?


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের