স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ জানুয়ারি: গোল খরা কাটাতে ইস্টবেঙ্গলে এবার আসছেন মো সালাহর সঙ্গে খেলা স্প্যানিশ ফরওয়ার্ড? ময়দানে জোর গুঞ্জন লা লিগা ও ইতালি লিগের প্রথম সারির ক্লাবে খেলা ফুটবলারকে দলে পেতে মরিয়া লাল হলুদ কর্তারা। জানা গিয়েছে ফুটবলারটির সঙ্গে প্রাথমিক স্তরে কথাবার্তাও এগিয়েছে তাদের। দলের প্রধান বিনিয়োগকারী সংস্থা ইমামিরও গ্রিন সিগন্যাল রয়েছে। কোচ কার্লেস কুয়াদ্রাতের পরামর্শে তাকে সই করানো হচ্ছে।

চলতি মরসুমে দারুণ খেললেও গোলের দেখা পাচ্ছেনা ইস্টবেঙ্গল। গোল খরা থেকে উত্তরণের পথ খুঁজছে লাল হলুদ শিবির। সেই মতো বার্সেলোনা ও রিয়েল মাদ্রিদের যুবদলের প্রাক্তন ফুটবলারকে দলে নিতে চাইছে ক্লাব। ফুটবলারটির নাম ইয়াগো ফালকে সিলভা। ইউরোপের একাধিক নামজাদা ক্লাবে খেলেছেন তিনি। বর্তমানে ৩৪ বছর বয়স ইয়াগোর। বাঁ পায়ের কুশলী ফুটবলার পায়ের কাজে বিপাকে ফেলতে পারেন বিপক্ষকে। তার সঙ্গে সেটপিসেও গোল করার ক্ষমতা রয়েছে ফালকের। নিখুঁত পাস দেওয়ার ক্ষমতাও রয়েছে। গোলের তিনকাঠিটিও চেনেন জাত স্ট্রাইকারের মতো। তাঁর খেলার ধরনের সঙ্গে মিল রয়েছে মিশরের তারকা মো সালাহর। ইতালির ক্লাব এএস রোমার হয়ে মো সালাহর (Mo Salah) সঙ্গে খেলেছেন ফালকে। শুধু রোমা নয় ইউরোপের একাধিক প্রথম সারির ক্লাবে খেলেছেন তিনি। সেই তালিকায় রয়েছে জুভেন্টাস, টটেনহ্যাম হটস্পার, সাউদাম্পটন, রায়ো ভায়েকানো, জেনোয়া, তোরিনো। গত মরসুমে কলম্বিয়ার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব আমেরিকা দ্য কালিতে খেলেন তিনি। ৩১ ম্যাচ খেলে করেছেন ৬ গোল। বয়সভিত্তিক প্রতিযোগিতায় স্পেনের জার্সি পরেও খেলেছেন এই ফুটবলার। ২০০৭ সালে কোরিয়ায় অনুষ্ঠিত অনুর্দ্ধ ১৯ প্রতিযোগিতায় স্পেনের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ফালকে।

আরও পড়ুন: Diego Maradona: ৩০ বছর পর অবশেষে ‘কর প্রতারক’ তকমা থেকে মুক্ত দিয়েগো মারাদোনা
ফালকে দলে যোগ দিলে ছেড়ে দেওয়া হতে পারে সিভেরিও তোরোকে। আসন্ন সুপার কাপের দলেও রাখা হয়নি তাকে। আগামী ১৩ জানুয়ারি রেজিস্ট্রেশনের শেষ দিন। অন্যদিকে ছুটি কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিন বিদেশী হিজাজি মাহের, বোরহা হেরেরা ও ক্লেইটন সিলভা। সুপার কাপে ক্লেইটনে পাশে দেখা যেতে পারে ইয়াগো ফালকে সিলভাকে। তার সঙ্গে এই প্রতিযোগিতায় সুযোগ পাবেন একাধিক যুব ফুটবলার।


More Stories
স্বপ্না বর্মনের অবসর
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
ভারতের সর্বকালের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক রাহানের প্রস্থান, অবসর আন্তর্জাতিক ক্রিকেট থেকে