Home » মিডলসবোরোকে হাফডজন গোল দিয়ে কাপ ফাইনালে চেলসি

মিডলসবোরোকে হাফডজন গোল দিয়ে কাপ ফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ জানুয়ারি: লিগ কাপের সেমিফাইনালে দুরন্ত প্রত্যাবর্তন চেলসির। ঘরের মাটিতে মিডলসবোরোকে হাফডজন গোল দিলেন পচেত্তিনোর ছেলেরা। খেলার ফল অল ব্লু’জদের পক্ষে ৬-১। এই জয়ের ফলে লিগ কাপের ফাইনালে জায়গা পাকা করে ফেলল তারা।
লিগ কাপের সেমিফাইনালের প্রথম পর্বে অঘটন ঘটিয়ে চেলসিকে হারিয়ে দিয়েছিল মিডলসবোরো। সেই হারের ধাক্কা সামলিয়ে ফিরতি পর্বের খেলায় ছন্দে ফিরল পশ্চিম লণ্ডনের ক্লাবটি। মঙ্গলবার স্টামফোর্ড ব্রিজে শুরু থেকেই বিপক্ষের উপর চাপ বাড়াতে থাকেন কোল পালমার, রহিম স্টার্লিংরা। ফলও মেলে। 

আরও পড়ুন  রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা

১৫ মিনিটে চেলসির আক্রমণের চাপ সামালাতে না পেরে নিজেদের জালে বল ঢুকিয়ে দেন মিডেলসবোরোর জোনাথন। প্রথম গোল পেয়ে যাওয়ায় আক্রমণে আরও ধার বাড়ায় চেলসি। ২৯ মিনিটে চেলসির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন এঞ্জো ফার্নান্ডেজ। ৩৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন অ্যাক্সেল দিসাসি। গোলের বল সাজিয়ে দিয়েছিলেন স্টার্লিং। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে ব্যবধান ৪-০ করে চেলসি। গোল করেন কোল পালমার।
দ্বিতীয়ার্ধে নিজেদের আধিপত্য বজায় রাখে চেলসি। প্রথমার্ধে নিরাপদ ব্যবধানে এগিয়ে থাকায় প্রথম দলে একাধিক পরিবর্তন করেন দুই দলের কোচ। খেলার ৭৭ মিনিটে আরও ব্যবধান বাড়ায় নীল জার্সিধারীরা।

ব্যাক্তিগত দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোলটি করেন কোল পালমার। গোলের বল বাড়িয়েছিলেন কনর গালাঘার। চার মিনিট পর বিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন নোনি মাদুয়েকে। এক্ষেত্রেও গোলের বলটি বাড়িয়েছিলেন গালাঘার। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে একটি গোল শোধ করেন মিডলসবোরোর মরগ্যান রজার্স। দুই পর্ব মিলিয়ে ৬-২ গোলে জিতে ফাইনালে পৌঁছে গেল চেলসি। লিগের অন্য একটি সেমিফাইনালে লিভারপুল মুখোমুখি হবে ফুলহ্যামের। দুটি দলই প্রিমিয়ার লিগে ভালো জায়গায় রয়েছে। ২০২২ সালে লিগ কাপের ফাইনালে লিভারপুলের বিরুদ্ধে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল চেলসির। এবার যদি লিভারপুল ফাইনালে ওঠে তাহলে চেলসির কাছে সুযোগ থাকবে গতবারের বদলা নেওয়ার।

About Post Author