স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে চালকের আসনে ভারত। বিশাখাপত্তনমে প্রত্যাবর্তনের টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। স্পিন সহায়ক পিচে দ্রুত রোহিত ও গিলের উইকেট হারালেও দিনের শেষে সুবিধেজনক জায়গায় শেষ করেছে ভারত। সৌজন্য যশস্বীর দাপুটে শতরান। তবে যশস্বী ছাড়া এই ম্যাচে ব্যর্থ ভারতের টপ ও মিডল অর্ডার। দিনের শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৬ রান।

দ্বিতীয় টেস্টে কোহলি নেই। চোটের জন্য এই ম্যাচে ছিটকে গিয়েছেন দলের আর এক নির্ভরযোগ্য ব্যাটার লোকেশ রাহুল ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। টেস্ট শুরুর ৪৮ ঘন্টা আগে দলে সুযোগ দেওয়া হয়েছিল সরফরাজ খানকে। অনেকে মনে করেছিলেন বিশাখাপত্তনমে প্রথম একাদশে তার অভিষেক হতে চলেছে। কিন্তু তার জায়গায় দ্বিতীয় টেস্টে সুযোগ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের ব্যাটার রজত পতিদারকে। ঘরোয়া ক্রিকেটে যার রানের গড় সরফরাজের থেকে অনেকটাই কম। বাইশ গজে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে উল্লখযোগ্য কিছুই করতে পারেননি তিনি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে করলেন ৩২ রান। শুধু পতিদার নয় ঘরের মাটিতে লাল টেস্টে ব্যর্থ ভারতের টপ ও মিডল অর্ডার। এদিনও ব্যর্থ রোহিত শর্মা। ১৪ রান করে শোয়েব বসিরের বলে ফিরলেন ভারত অধিনায়ক। তিন নম্বরে নেমে শুরুটা খারাপ করেননি শুভমন। ব্যাক্তিগত ৩৪ রানের মাথায় ভারতের এই তরুণ তারকাকে ফিরিয়ে ভারতীয় শিবিরকে ধাক্কা দেন অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন। চার নম্বরে নামা শ্রেয়সের অবদান ২৭। দলের তারকা ব্যাটারদের থেকে বরং ভালো ব্যাট করলেন অক্ষর প্যাটেল। ৪টি চারের সাহায্যে তার ব্যাট থেকে এল ২৭ রান। ধৈর্যের পরীক্ষায় ব্যর্থ হলেন উইকেটরক্ষক ব্যাটার শ্রীকর ভরত। ১৭ রানের মাথায় রেহানের বলে আউট হলেন ভরত।

আরও পড়ুন: PREMIER LEAGUE: সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
এগুলি যদি ভারতীয় শিবিরে ব্যর্থতার উদাহরণ হয়, তবে উজ্জ্বল চিত্র একটিই। তিনি যশস্বী জয়সওয়াল। একদিকে ক্রমাগত উইকেট হারালেও দলকে একা নিজের কাঁধে টেনে নিয়ে গেলেন তিনি। দায়িত্বশীল ও ধৈর্যের পরীক্ষায় এদিন বাকি সতীর্থদেরকে ছাপিয়ে গেলেন। দিনের শেষে ১৭৯ রানে অপরাজিত রইলেন তিনি। ১৭টি চার এবং ৫টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজালেন। অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করা ১৭১ রানের ইনিংসকেও ছাপিয়ে গেলেন তিনি। যশস্বীর দাপুটে ইনিংসই ভারতকে খেলায় টিকিয়ে রাখল। শনিবার সকালে ভারতীয় সমর্থকরা অবশ্যই চাইবেন দ্বিশতরান করে মাঠ ছাড়ুক তিনি। ইংল্যান্ডের বোলারদের ২ টি করে উইকেট নিলেন রেহান আহমেদ ও শোয়েব বশির। অভিষেক ম্যাচেই ক্রিকেট বিশ্বের নজর টানলেন রেহান। রজত পতিদার ও ভরতের উইকেট নিলেন তিনি। এছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন হার্টলি এবং অ্যান্ডারসন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার